ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী, হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। এবার ওই ঘটনায় তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিলের ক্রীড়া ট্রাইব্যুনাল। আগে থেকেই তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। নতুন শাস্তি যুক্ত হওয়ায় সব মিলিয়ে তিন ম্যাচে সান্তোসের হয়ে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।
গত শনিবার ব্রাজিলের শীর্ষ লিগে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের ঘটনায় বুধবার এ শাস্তির কথা জানায় ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস। ওই ম্যাচে প্রথমে একটি হলুদ কার্ড দেখার পর আরেকটি ঘটনায় লাল কার্ড দেখেন নেইমার।
৩৪ বছর বয়সী এই তারকাকে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখার ঘটনায় দোষী সাব্যস্ত করেছে ক্রীড়া ট্রাইব্যুনাল। এ ক্ষেত্রে ‘ভিনিসিয়ুস জুনিয়র’ নামে পরিচিত নিয়মটি লঙ্ঘন করেছেন তিনি। এই নিয়ম অনুযায়ী, মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের সময় খেলোয়াড়দের হাত দিয়ে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।
রেফারির প্রতিবেদনের বরাত দিয়ে ক্রীড়া ট্রাইব্যুনাল জানিয়েছে, লাল কার্ড দেখার পরও প্রতিপক্ষের সঙ্গে আবার বিবাদে জড়াতে দর্শক দলের বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। পরে সতীর্থদের তাঁকে আটকে রাখতে হয়।
সব মিলিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড। তবে নিয়ম লঙ্ঘনের ঘটনায় দেওয়া রায়ের বিরুদ্ধে নেইমার ও তাঁর ক্লাব আপিল করতে পারবেন।
গত তিন মাসে দ্বিতীয়বারের মতো শাস্তির ঘটনায় আলোচনায় এলেন নেইমার। এর আগে গত আগস্টে ব্রাজিলের শীর্ষ লিগে গোলরক্ষকদের সময়ক্ষেপণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে চালু করা নতুন নিয়মের আওতায় সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হয়েছিল সাবেক ব্রাজিল অধিনায়ককে। গোলরক্ষকদের সময় নষ্ট করার প্রবণতা কমাতে লিগে নিয়মটি পরীক্ষা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে নভেম্বরের শেষ ভাগের আগে মাঠে ফিরতে পারবেন না নেইমার।
এসি/আপ্র/২৯/১০/২০২৬