গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেনু

‘স্বপ্নবাজ শিক্ষক’ আখ্যা, অবহেলিত প্রাথমিক শিক্ষার বাস্তবতা তুলে ধরলেন গুরুদয়াল কলেজের শিক্ষক

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:২৩ এএম ২০২৬
নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী
ছবি

প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল -ফাইল ছবি

শাড়ি পরে গানের তালে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও ট্রলের মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের প্রতি সংহতি জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়জীবনের এক সহপাঠী।

মো. বদরুজ্জামান বাপ্পি, বর্তমানে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বিসিএস শিক্ষা), মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিউটি রাণী পালকে ‘স্বপ্নবাজ শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, ২০০৪-০৫ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তারা একসঙ্গে ভর্তি হয়েছিলেন। সেই ব্যাচের বহু শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়, প্রশাসন, ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে অবহেলিত স্তরগুলোর একটি হলো প্রাথমিক শিক্ষা। অথচ সেই স্তরেই কাজ করছেন তাদের দুই সহপাঠী- বিউটি রাণী পাল ও মাসুদুল ইসলাম রানা। দুজনেরই ফলাফল ছিল প্রথম শ্রেণির এবং উজ্জ্বল মেধার অধিকারী হওয়া সত্ত্বেও তারা বড় শহরের চাকরি বা বিশ্ববিদ্যালয়ের আরামদায়ক পরিবেশের পরিবর্তে প্রত্যন্ত গ্রামের শিশুদের শিক্ষাদানের পথ বেছে নিয়েছেন।

তিনি লেখেন, “তারা ছেড়ে এসেছেন সিলেট শহরের আভিজাত্য, বিশ্ববিদ্যালয়ের শীতাতপনিয়ন্ত্রিত ভবন, সমৃদ্ধ লাইব্রেরির সুযোগ-সুবিধা। তারা কাজ করছেন এমন বাস্তবতায়, যেখানে শিক্ষকদের বই কেনার জন্য সামান্য প্রণোদনাও অনেক সময় নেই, ইন্টারনেট ভাতাও অপ্রতুল। তারপরও নিজের অর্থ ব্যয় করে তারা শিশুদের পড়িয়ে যাচ্ছেন।”

প্রত্যন্ত গ্রামের শিক্ষকতার কঠিন বাস্তবতা: মাসুদুল ইসলাম রানার প্রসঙ্গ টেনে বদরুজ্জামান বাপ্পি জানান, তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার প্রত্যন্ত পাওন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। একবার সহপাঠীরা তার স্কুল দেখতে গিয়ে হাওরের উত্তাল ঢেউয়ের মধ্যে নৌকাডুবির শঙ্কার মুখোমুখি হয়েছিলেন। সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি গ্রামীণ শিক্ষকতার কঠিন বাস্তবতা তুলে ধরেন।

তার ভাষায়, দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট, অবকাঠামোগত দুর্বলতা, সামাজিক অবহেলা ও শিক্ষাব্যবস্থার বৈষম্যের মধ্যেও শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা শিক্ষকরা অনেক সময় এমন শ্রেণিকক্ষে পাঠদান করেন, যেগুলো বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভেতরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি প্রকট।

অপরাধ শুধু নীল শাড়ি পরা? বিউটি রাণী পালের ভিডিও নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি লেখেন, “সেইসব গ্রামের সাদাকালো জীবনে বিউটি পালের অপরাধ নীল রঙের শাড়ি পরা। তার অপরাধ, জরাজীর্ণ শিক্ষাব্যবস্থার মধ্যেও একটু আনন্দ নিয়ে বেঁচে থাকা, শিশুদের স্বপ্ন দেখানো।”

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, গান-কনসার্টে নাচা বা বৈশাখী অনুষ্ঠানে অংশ নেওয়া একজন মানুষ শিক্ষক হওয়ার পরও তার মানবিক সত্তা হারিয়ে ফেলতে পারেন না। বরং এমন শিক্ষকরা শিশুদের আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেন।

কী ছিল সেই ভিডিওতে: গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিউটি রাণী পাল নীল শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন। ভিডিওটির সঙ্গে যুক্ত ছিল নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ-এর মেজবাহ রহমানের গাওয়া ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের একটি অংশ।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে একই সঙ্গে অনেক নারী ও শিক্ষক তার সমর্থনে এগিয়ে আসেন। কেউ কেউ একই গানের সঙ্গে অনুরূপ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন, যা সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

কৃতজ্ঞতা প্রকাশ বিউটি রাণীর: সমালোচনার মুখে সমর্থন পাওয়ার পর বিউটি রাণী পাল দেশবাসী, পরিবার এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পাশে দাঁড়ানো মানুষদের ভালোবাসা ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে।

পোস্টের শেষাংশে বদরুজ্জামান বাপ্পি লেখেন, “স্যালুট বিউটি পাল এবং তোমার মতো শত শত স্বপ্নবাজ শিক্ষককে। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি সমাজ বদলে দেওয়ার এক নীরব সংগ্রাম।” সূত্র: মো. বদরুজ্জামান বাপ্পির ফেসবুক পোস্ট
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা
২৮ জুলাই ২০২৬

গ্যাস সংকটের নির্মম প্রতিচ্ছবি—আয়রন মেশিনে ডিম ভাজার চেষ্টা

রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকটে যখন চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, তখন মোহাম্মদপুরের শেখের...

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?
২৭ জুলাই ২০২৬

একটি ভিডিও থেকে জাগল প্রশ্ন, শিক্ষক কি শুধু শ্রেণিকক্ষের মানুষ?

একজন শিক্ষক। নীল শাড়িতে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছেন। পেছনে বাজছে একটি পুরোনো দিনের জনপ্রিয় গান—‘শ্রাবণ...

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়
১৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার সঙ্গে ৪০ বিমান, বক্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টির বেশি বিমান নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপো...

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই ২০২৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই