গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেনু

দেশজুড়ে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
দেশজুড়ে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি
ছবি

ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও স্বামীবাগ এলাকায় উল্টো রথযাত্রার শোভাযাত্রা -ছবি সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি হয়েছে দেশব্যাপী উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শুক্রবার (২৪ জুলাই) বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা, ভজন-সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় উল্টো রথ। হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় নয় দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশে রথে যাত্রা করেন। নয় দিন পর উল্টো রথ বা বাহুদা যাত্রার মাধ্যমে তাঁরা মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। সেই প্রত্যাবর্তনকেই ঘিরে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। এ বছর ১৬ জুলাই রথযাত্রা শুরু হয় এবং শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। 
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের উদ্যোগে স্বামীবাগ আশ্রম ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকেন্দ্রিক উল্টো রথযাত্রায় কয়েক হাজার ভক্ত অংশ নেন। শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধর্মীয় সংগীত, হরিনাম সংকীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়। উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রামে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ও নন্দনকানন ইসকন রাধামাধব মন্দিরের যৌথ উদ্যোগে ডিসি হিল থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের হয়। কয়েক হাজার ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি তুলসীধাম, রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালি, আন্দরকিল্লা, জামালখান, কাজীর দেউরী ও গোলপাহাড় প্রদক্ষিণ করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান শামীম। উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন ইসকন নন্দনকানন মন্দিরের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য দেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী।

অতিথিরা আরতি নিবেদন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠানে মঙ্গলারতি, গুরুপূজা, ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগারতি ও সংকীর্তন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমান সরকার দেশের সব ধর্মাবলম্বীর সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সহযোগিতা ও প্রশাসনের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, দেশের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান সুযোগ, মর্যাদা ও অংশীদারত্ব অনুভব করবেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষের অবদান বাংলাদেশের অগ্রযাত্রায় সমানভাবে গুরুত্বপূর্ণ।

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়ও উল্টো রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় মন্দির ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে রথ টানা, পূজা, প্রসাদ বিতরণ, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরিবার-পরিজন নিয়ে ভক্তরা এসব আয়োজনে অংশ নেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দেশজুড়ে উল্টো রথযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা শোভাযাত্রা নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করেন। ফলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব। 
সানা/আপ্র/২৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানবতার সেবা পরম ধর্ম
২৪ জুলাই ২০২৬

মানবতার সেবা পরম ধর্ম

ইসলাম======

কোরআন তিলাওয়াত উন্নত করবেন যে উপায়ে
২৩ জুলাই ২০২৬

কোরআন তিলাওয়াত উন্নত করবেন যে উপায়ে

সাবলীল ও সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত। এর মাধ্যমে কোরআন তিলাওয়াত সু...

গোপন বিয়ে নিয়ে ইসলামের বিধান কী
২১ জুলাই ২০২৬

গোপন বিয়ে নিয়ে ইসলামের বিধান কী

ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় চুক্তি। তাই এর বৈধতা, সাক্ষ্য ও প্রকাশ্যতা নিয়ে শরিয়ত...

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে সুখবর
২১ জুলাই ২০২৬

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে সুখবর

আগামী ২০২৭ সালের পবিত্র হজযাত্রীদের জন্য সুখবর দিয়েছে সরকার। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই