গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

সার ডিলার নিয়োগে এমপিদের স্বজনদের প্রাধান্যের অভিযোগ সংসদে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
সার ডিলার নিয়োগে এমপিদের স্বজনদের প্রাধান্যের অভিযোগ সংসদে
ছবি

সার ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ -ছবি সংগৃহীত

সারা দেশে সার ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি, ভগ্নিপতি ও অন্যান্য স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে। কোথাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশও করা হয়েছে। এসব নিয়োগ পুনর্বিবেচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। বিকেল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সম্পূরক প্রশ্নে কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

তিনি আরো বলেন, নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, একজন সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল বিএনপি। অথচ এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা ডিলারশিপ পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যারা সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

ডিলার নিয়োগে অনিয়ম সুপরিকল্পিত ছিল কি না এবং নিয়োগগুলো আবার পর্যালোচনা করা হবে কি না, তা জানতে চান তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সেই প্রশ্নও তোলেন।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল এবং আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেওয়া ছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিগুলোকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে।

পরে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম অগ্রাধিকারক্রমে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে।

কৃষিমন্ত্রী আরো বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক স্বাক্ষরে এসব প্রস্তাব পাঠানো হয়নি।


সানা/কেএমএএ/আপ্র/১১/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না
১১ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন
১১ নভেম্বর ২০২৬

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন

সংসদে মন্ত্রীর বক্তব্যের সময় হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যা...

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি
১১ নভেম্বর ২০২৬

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চার দিনে ৬০টি ককটেল বিস্ফোরণ ও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছ...

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত
১১ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নি...

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই