মাত্র সাত বছর বয়স। যে বয়সে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই ফ্রান্সের এক শিশুকে একা একটি ফ্ল্যাটে থাকতে হয়েছে টানা দুই বছর। এ সময় মায়ের অবহেলায় শিশুটির দিন কেটেছে কেক, বিস্কুট ও কৌটাজাত খাবার খেয়ে। অথচ প্রতিদিন নিজেই স্কুলে যেত সে। তার এমন নিঃসঙ্গ জীবনের কথা জানতে পারেননি শিক্ষক কিংবা আশপাশের কেউ।
ঘটনাটি ঘটে ফ্রান্সের নেরসাক শহরে। ২০২০ সালে সাত বছর বয়সী শিশুটিকে একটি ফ্ল্যাটে রেখে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর দীর্ঘ দুই বছর শিশুটিকে একাই থাকতে হয় ওই ফ্ল্যাটে।
শিশুটির প্রতিদিনের খাবার ছিল বিস্কুট, কেক ও ঠান্ডা কৌটাজাত খাবার। কখনো খাবারের অভাবে পাশের বাসা থেকে টমেটো চুরি করেও খেতে হয়েছে তাকে। ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ, গরম পানি ও ঘর গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না। শীতের রাতে কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো শিশুটিকে। মা মাঝেমধ্যে এসে খোঁজ নিলেও বেশির ভাগ সময় একাই কাটাতে হতো তার।
এত প্রতিকূলতার মধ্যেও শিশুটির পড়াশোনা বন্ধ হয়নি। প্রতিদিন নিজেই স্কুলে যেত সে। বিদ্যালয়ে পরিচ্ছন্ন, ভদ্র ও ভালো ফল করা শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল শিশুটি। ফলে তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারেননি শিক্ষকরা।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহের পর ঘটনাটি সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে যোগসূত্র খুঁজে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।
সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।
সূত্র: সিএনএন।
এসি/আপ্র/১২/১১/২০২৬