গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৯ এএম ২০২৬
উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
ছবি

ব্রিকস সম্মেলনের ফাঁকে গত শনিবার দিল্লিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক হয় –ছবি দিল্লির ইরান দূতাবাস

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা। ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ শুরুর পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। ভারতের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠককে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্রাউন প্রিন্স শেখ খালেদ বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সমর্থনের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করে দুই নেতার একটি ছবি প্রকাশ করেছে।

তেল সরবরাহে উদ্বেগ: এমন এক সময়ে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হলো, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার ড্রোন হামলার শিকার হওয়ার পর সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ করে দেয়। আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত এ পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

এর পাশাপাশি হরমুজ প্রণালিতে উত্তেজনার জেরে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির তেলের ট্যাংকারসহ বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

বৈঠকের ঠিক দুদিন আগে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী ওই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী’ ও ‘শিশু-হত্যাকারী’ আখ্যা দিয়ে তাদের রাডার ব্যবস্থা ও সরঞ্জাম ধ্বংসের দাবি করে।

বাণিজ্যিক সম্পর্কেও আস্থার সংকট: দুই দেশের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে তাদের বাণিজ্যিক সম্পর্কেও। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আমিরাত উপকূলের কাছে পানিতে দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

এর জেরে আবুধাবি ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য ব্যাপক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের জন্য ব্যাংকিং ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ আমিরাতের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় তেহরান নতুন চাপের মুখে পড়ে।

চীনের পর সংযুক্ত আরব আমিরাত ইরানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৫ থেকে ২৭ বিলিয়ন ডলার। এ বাণিজ্যের ওপর ইরান ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৪ সালেও আমিরাত থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করেছে ইরান।

দ্বন্দ্বের গভীরে কৌশলগত বিরোধ: ইরান ও আমিরাতের বিরোধের শেকড় বহু পুরোনো। তিনটি কৌশলগত দ্বীপ নিয়ে ১৯৭১ সাল থেকেই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। এর পাশাপাশি ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মতাদর্শগত দূরত্বও স্পষ্ট হয়।

সাম্প্রতিক সময়ে আমিরাতে মার্কিন ও পশ্চিমা সামরিক উপস্থিতি এ উত্তেজনাকে আরো তীব্র করেছে। আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে মার্কিন ও ফরাসি বাহিনীর অবস্থান রয়েছে, যা ইরানের জন্য উদ্বেগের কারণ। একই সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকেও তেহরান ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে আসছে।

সংঘাত শুরুর পর ইরানের সবচেয়ে বেশি হামলার লক্ষ্য হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইরানের ছোড়া ৪৫৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ৩৮টি ড্রোন প্রতিহত করেছে আমিরাত।

যুদ্ধের প্রথম দিনেই দুবাই বিমানবন্দর, বুর্জ আল-আরব হোটেল ও জেবেল আলী বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আমিরাতের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার মাধ্যমে ইরান মূলত প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে চেয়েছে। এ করিডোরে আমিরাত একটি গুরুত্বপূর্ণ অংশীদার। একই সঙ্গে ইরান তাদের চাবাহার বন্দরকে আঞ্চলিক লজিস্টিক কেন্দ্র হিসেবে প্রতিযোগিতায় এগিয়ে রাখার কৌশল নিয়েছে বলেও মনে করেন বিশ্লেষকদের একাংশ।

দিল্লি ঘোষণায় ঐকমত্য: এত উত্তেজনার মধ্যেও শনিবার ব্রিকস সম্মেলনে ভারতের মধ্যস্থতায় সদস্য দেশগুলো যৌথ দিল্লি ঘোষণা গ্রহণে সম্মত হয়েছে। ঘোষণায় আন্তর্জাতিক আইনের পরিপন্থি যেকোনো একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়। একই সঙ্গে উপসাগরীয় সংঘাতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার জোর দাবি জানানো হয়েছে।

ইরান ও সংযুক্ত আরব আমিরাত - দুই দেশই ব্রিকসের সদস্য। ফলে সংঘাতের এমন উত্তপ্ত সময়ে ব্রিকসের মঞ্চ ব্যবহার করে দুই বৈরী প্রতিবেশীকে আলোচনার টেবিলে বসানোকে ভারতের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে এনডিটিভি।

দুই দেশের সম্পর্কের গভীর রাজনৈতিক ও সামরিক অবিশ্বাস রাতারাতি দূর হওয়ার সম্ভাবনা না থাকলেও দিল্লির বৈঠক অন্তত উত্তেজনা কমানোর জন্য সরাসরি উচ্চপর্যায়ের যোগাযোগের একটি নতুন পথ তৈরি করেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের বিস্তার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর এর সম্ভাব্য প্রভাবের মধ্যে এ যোগাযোগকে তাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হুতিদের অভিযানে লোহিত সাগর পেরিয়ে এক দিনে জিবুতিতে ১৪০০ ইয়েমেনি
১৪ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের অভিযানে লোহিত সাগর পেরিয়ে এক দিনে জিবুতিতে ১৪০০ ইয়েমেনি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নতুন অভিযানের মুখে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি লোহিত সাগর পাড়...

দুই দেশে ফেরি ডুবে নিহত ৭, নিখোঁজ ১৭০
১৪ সেপ্টেম্বর ২০২৬

দুই দেশে ফেরি ডুবে নিহত ৭, নিখোঁজ ১৭০

ইন্দোনেশিয়া ও ভানুয়াতুতে পৃথক ফেরি দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৭০ জনের বেশ...

হরমুজে জাহাজে হামলা, তেল সরবরাহ নিয়ে শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে জাহাজে হামলা, তেল সরবরাহ নিয়ে শঙ্কা

হরমুজ প্রণালিতে রোববার (১৩ সেপ্টেম্বর) একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব গুরুত্বপূর্ণ একটি...

ব্রিকসের পারিবারিক ছবিতে মধ্যমণি মোদির দুই পাশে পুতিন-শি
১৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের পারিবারিক ছবিতে মধ্যমণি মোদির দুই পাশে পুতিন-শি

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ব্রিকস ফ্যামিলি ফটো’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই