দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৭ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১৮১, খুলনায় ২৭৫, ময়মনসিংহে ৯৩, রাজশাহীতে ১০৪, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ৯৩ জন।
চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন। ছয়জনের সর্বশেষ মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৪৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১ লাখ ২ হাজার রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সানা/আপ্র/১৩/৯/২০২৬