ভূত-প্রেতের সাজ, ভয়ংকর মুখোশ আর কুমড়ার বাহারি আয়োজন—সব মিলিয়ে ভিন্নধর্মী উৎসব হ্যালোইন। প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত হয় দিনটি। উৎসব ঘিরে নানা পোশাকে সাজা, মজার আয়োজন ও কুমড়া দিয়ে সাজসজ্জার চল রয়েছে। এই উৎসবের আমেজে এবার মেতে উঠেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিল এলাকার একটি খামারে কমলা রঙের কুমড়ার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য কুমড়া।
আরেকটি ছবিতে গাড়ির ভেতর থেকে ভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় স্পর্শিয়াকে। মাথার কাছে সাদা রঙের রেখা টেনে শিংয়ের মতো নকশা এঁকে হ্যালোইনের আবহ ফুটিয়ে তুলেছেন তিনি। ছবিগুলোতে কুমড়ার বাগানের পাশাপাশি ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজানো বোর্ড, পাপেট ও সূর্যমুখী ফুলের বাগানের দৃশ্যও রয়েছে।
এদিন স্পর্শিয়ার পরনে ছিল শীতের উপযোগী সাদা জ্যাকেট ও সোয়েটার। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শরৎকালে হ্যালোইন উপলক্ষে কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। এসব বাগানে সারি সারি কুমড়া সাজানো থাকে। দর্শনার্থীরা পছন্দের কুমড়া বেছে নেন, ছবি তোলেন কিংবা উৎসবের সাজসজ্জার জন্য কুমড়া সংগ্রহ করেন।
হ্যালোইনে কুমড়া খোদাই করে তাতে চোখ-মুখ তৈরি করে ভেতরে আলো জ্বালানোর রীতিও বেশ পরিচিত। এই সাজকে বলা হয় ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’। স্পর্শিয়ার ছবিতেও ধরা পড়েছে হ্যালোইনের কুমড়াকেন্দ্রিক আয়োজনের আনন্দ।
এসি/আপ্র/৩১/১০/২০২৬