কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গেও পর্দায় অভিনয় করেছেন। নাগির্স আক্তারের ‘চার সতীনের ঘর’ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর ও ময়ূরী। তবে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না এই অভিনেতাকে।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন আলমগীর। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন সুযোগ পেলে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান।
কেন মিমকে নায়িকা হিসেবে চান, সেই কারণও জানান এই অভিনেতা। তাঁর ভাষ্য, উচ্চতার দিক থেকে মিম অনেকটাই তাঁর সমান। এ কারণেই মিমকে নায়িকা হিসেবে পছন্দ তাঁর।
সাক্ষাৎকারে মিমের প্রশংসাও করেন আলমগীর। তিনি বলেন, ‘মেয়েটি ভালো। তার কথাবার্তা খুব মিষ্টি। ভবিষ্যতে যদি কোনো সিনেমা করি, তাহলে হয়তো তার সঙ্গে কাজ হবে।’
‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন ও লোক-ফ্যান্টাসিসহ নানা ধরনের চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য পান এই অভিনেতা।
সানা/আপ্র/১১/৯/২০২৬