ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর।
তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানের বিস্তারিত কী—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, বিষয়টি আপাতত পূজার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরির বিয়ে হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি। বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন।
এর কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তবে এখন পর্যন্ত পাত্রের পরিচয়, বিয়ের স্থান কিংবা আয়োজনের ধরন নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পূজা চেরির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরি পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। সত্যিই যদি ১৬ সেপ্টেম্বর তার বিয়ে হয়, তাহলে ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু হবে এই অভিনেত্রীর।
এসি/আপ্র/০৭/০৯/২০২৬