গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্ব। এতে রংপুরের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় মেধার ভিত্তিতে সেরা পাঁচজনকে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে রংপুর বিভাগের উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও ড. বিজন মোহন চাকী।
অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ড. মো. আব্দুল লতিফ। এ ছাড়া বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নিতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। প্রাথমিক পর্বের মূল্যায়ন শেষে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী পাঁচজনকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হয়। তাঁরা ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ড. মো. হারুন-আল-রশীদ বলেন, “রসায়ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে গিয়ে বিজ্ঞানকে নতুনভাবে জানার ও বোঝার সুযোগ তৈরি করে। রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক। আমরা চাই, এ অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরো এগিয়ে যাক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখুক।”
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতেও সহায়ক হবে।
উল্লেখ্য, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্বে অংশগ্রহণের জন্য আবেদনের শেষ সময় ছিল ২০ অক্টোবর ২০২৬। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
সানা/আপ্র/০১/১১/২০২৬