গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মেনু

ঘোড়াঘাটে নারী শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
ঘোড়াঘাটে নারী শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সীমিত থাকা সময়ে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রায় তিন দশক ধরে নারীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

১৯৯৪ সালে উপজেলার রাণীগঞ্জ বাজারের হাফ কিলোমিটার দূরে ডুগডুগি হাট সড়কের পাশে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগীর উদ্যোগে কলেজটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় গ্রামীণ এলাকার অনেক মেয়ের কাছেই উচ্চশিক্ষা ছিল প্রায় অধরা স্বপ্ন। দূরের কলেজে যাতায়াত, আর্থিক সংকট ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে এসএসসি বা এইচএসসির পর অনেক শিক্ষার্থীর পড়াশোনা থেমে যেত। সেই বাস্তবতায় রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হয়ে ওঠে নারী শিক্ষার নতুন আশার ঠিকানা।

প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শুধু পাঠদান নয়, নারী শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে এখানে ৬২০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

গত কয়েক বছরে এইচএসসি ও স্নাতক পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ কলেজের বহু প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা, ব্যাংক, বিমা ও অন্যান্য পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ জোগাচ্ছে।

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে নিয়মিত সাংস্কৃতিক, সামাজিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলাফলে নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে নিয়মিত পাঠদান, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। কলেজ ক্যাম্পাসে দৃষ্টিনন্দন পুকুরঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।

বর্তমানে কলেজটিতে ২৩ জন সহকারী অধ্যাপক ও ১০ জন প্রভাষক কর্মরত রয়েছেন। পরিচালনা কমিটির সভাপতি প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. দলিল উদ্দিন মণ্ডলের দিকনির্দেশনায় কলেজের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহলের মতে, রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ফলে গ্রামীণ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার পথ অনেক সহজ হয়েছে। নিরাপদ পরিবেশ, নিয়মিত পাঠদান ও ভালো ফলাফলের কারণে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক আস্থা অর্জন করেছে।

কলেজটির জাতীয়করণের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, এটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের আরও বেশি সংখ্যক নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “শিক্ষার মানোন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার বলেন, “শিক্ষার গুণগত মান ধরে রাখতে কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষকরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

গ্রামীণ নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার যে স্বপ্ন নিয়ে রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের যাত্রা শুরু হয়েছিল, প্রায় তিন দশক পরও সেই স্বপ্ন এগিয়ে চলছে। প্রতিটি সফল শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠানটি প্রমাণ করে চলেছে—সুযোগ পেলে গ্রামের মেয়েরাও দেশ গড়ার অগ্রযাত্রায় সমানভাবে নেতৃত্ব দিতে পারে।
সানা/আপ্র/৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যাশলেস কুড়িগ্রাম গড়তে পূবালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং বুথ স্থাপন
০৫ আগস্ট ২০২৬

ক্যাশলেস কুড়িগ্রাম গড়তে পূবালী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং বুথ স্থাপন

আশীর্বাদ রহমান: নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের...

টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩
০৫ আগস্ট ২০২৬

টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তিতে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দেশি অস্...

গ্যাস সংকটে গাজীপুরের প্রায় ১৮ শতাংশ কারখানায় তিন দিনের ছুটি
০৫ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে গাজীপুরের প্রায় ১৮ শতাংশ কারখানায় তিন দিনের ছুটি

তীব্র গ্যাস সংকটের কারণে গাজীপুরের প্রায় ১৭ থেকে ১৮ শতাংশ শিল্পকারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা কর...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

এস এ খান শিল্টু: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই