দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে প্রায় নয় মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পাঁচ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে সরবরাহ বাড়লে বাজারে মরিচের দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।
সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।
হিলি বাজারে বর্তমানে প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে।
হিলি বাজারের মরিচ বিক্রেতা সোলায়মান বলেন, সাম্প্রতিক বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। ভারত থেকে মরিচ আমদানি শুরু হলে বাজারে দাম কমে আসবে বলে তিনি আশা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আমদানিকারক জানান, সরকারি অনুমতির পর আমদানি অনুমতিপত্রের (আইপি) জন্য আবেদন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হবে।
উজ্জ্বল হোসেন জানান, বর্তমানে ১৬ জন আমদানিকারক প্রায় পাঁচ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। প্রয়োজন হলে এ পরিমাণ আরো বাড়ানো হতে পারে।
এসি/আপ্র/০৩/০৮/২০২৬