গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে গ্যাস সংকটে জ¦লছে না ঘরের চুলা, কমেছে উৎপাদন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩২ এএম ২০২৬
চট্টগ্রামে গ্যাস সংকটে জ¦লছে না ঘরের চুলা, কমেছে উৎপাদন
ছবি

ছবি সংগৃহীত

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী ও শিল্প উদ্যোক্তারা। আবাসিক এলাকায় অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না, রান্নার জন্য বাধ্য হয়ে রেস্তোরাঁর খাবার ও বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে মানুষকে। একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পকারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা জানান, গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের পর থেকেই গ্যাস সরবরাহে সংকট শুরু হয়। টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।

রোববার (২ আগস্ট) নগরের আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও ও পাহাড়তলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক বাসাবাড়িতে রান্না বন্ধ রয়েছে। কোথাও ভোরে কিছু সময়ের জন্য গ্যাস এলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে যাচ্ছে। ফলে অনেক পরিবার বৈদ্যুতিক চুলা ও এলপিজির দিকে ঝুঁকছে।

হালিশহরের বাসিন্দা নাজমা আক্তার বলেন, “সকালে অল্প সময়ের জন্য গ্যাস পাই। তখন একসঙ্গে সব রান্না করার চেষ্টা করি। না হলে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে হয়। এতে বিদ্যুৎ খরচ বেড়ে যাচ্ছে।”

বাকলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “তিন দিন ধরে দুপুর ও রাতে গ্যাস পাইনি। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার আনতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় সমস্যা।”

চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দারা জানান, অনেক পরিবার ছোট সিলিন্ডারে রান্না শুরু করেছে। তবে বাড়তি খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হচ্ছে না।

শুধু আবাসিক নয়, গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প খাতও। কাট্টলী, ইপিজেড, পতেঙ্গা, বন্দর, কালুরঘাট, অক্সিজেন ও সীতাকুণ্ড শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় গ্যাসের চাপ কম থাকায় বয়লার ও জেনারেটর স্বাভাবিক সক্ষমতায় চালানো যাচ্ছে না।

ইপিজেড এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা বলেন, স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের অর্ধেকও পাওয়া যাচ্ছে না। ফলে কিছু মেশিন বন্ধ রাখতে হচ্ছে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এইচএম স্টিলের পরিচালক সরোয়ার আলম বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় তাদের উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ কমে গেছে। ইউটিলিটি বিল ও অন্যান্য খরচ বহাল থাকায় প্রতিদিন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। উৎপাদন ব্যয় বাড়লে পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে গ্যাস সংকটে নগরের হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ও প্রভাব পড়েছে। অলংকার মোড়, জিইসি, আগ্রাবাদ ও বন্দর এলাকার অনেক রেস্তোরাঁয় রান্নার সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। কেউ কেউ অতিরিক্ত খরচে এলপিজি ব্যবহার করছেন।

আগ্রাবাদের একটি হোটেলের মালিক আবদুল কাদের বলেন, গ্যাসের চাপ না থাকলে চুলা জ্বলে না। এলপিজি ব্যবহারে খরচ বেড়ে যায়। দাম বাড়ালে ক্রেতা কমে, না বাড়ালে লোকসান হয়।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন জানান, এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে দুটি বয়লার রয়েছে। এর একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো টার্মিনাল বন্ধ রাখতে হয়েছে।

তিনি বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে একটি বয়লার চালু করা সম্ভব হলে দৈনিক প্রায় ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেতে পারে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাসভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে না পারায় চট্টগ্রামে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি গ্যাস না থাকায় মানুষ বৈদ্যুতিক চুলা বেশি ব্যবহার করায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। দৈনিক চাহিদা ২৬ থেকে ২৭শ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ কম থাকায় সব এলাকায় সমানভাবে গ্যাস বিতরণ করা সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও সরবরাহ বন্ধ বা চাপ কমিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে চট্টগ্রামসহ সারাদেশের মানুষ বর্তমানে বড় ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্কুলছাত্রীকে মারধর, ভেঙে গেল তিন দাঁত
২৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে মারধর, ভেঙে গেল তিন দাঁত

বরগুনার বেতাগী উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে...

বদরগঞ্জে যুবক আটক, গৃহবধূকে ছেড়ে দেওয়ার অভিযোগ
২৩ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক আটক, গৃহবধূকে ছেড়ে দেওয়ার অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায়...

দিনাজপুরে অপহরণের পর শিশুহত্যা, প্রধান অভিযুক্তসহ আটক তিন
২৩ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে অপহরণের পর শিশুহত্যা, প্রধান অভিযুক্তসহ আটক তিন

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন টুডুসহ তিনজ...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৩ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশির্বাদ রহমান: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে