নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারো তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এবং শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছুড়লে পুরো কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে এই বিক্ষোভ আন্দোলনে অংশ নেন।
একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যোগ দেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছে। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন আছে।
এর আগে গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন।
এসি/আপ্র/০8/১১/২০২৬