কাতারে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রথমে ১৮ ক্যারেট সোনার প্রায় সাড়ে কেজি আসল ট্রফি দেওয়া হয়েছিল। কিন্তু মাঠে খেলোয়াড়রা উদযাপন করেন রেপ্লিকা ট্রফি নিয়ে। সেই ট্রফি এবার নিলামে উঠতে যাচ্ছে।
আগামী ৭ নভেম্বর সাউথ ক্যারোলিনাভিত্তিক রিচমন্ড অকশান্সের আয়োজনে সেই ট্রফি নিলামে তোলা হচ্ছে। কোম্পানিটি বলেছে, ম্যাচের পর মাঠে উদযাপনের সময় ট্রফিটি ব্যবহার করা হয়েছিল। পরে এতে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপ দলের সদস্যরা অটোগ্রাফ দেন এবং রাজধানী বুয়েন্স আয়ার্সের ন্যাশনাল হিস্ট্রিকাল মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।
ট্রফির সঙ্গে একটি ট্রেডিং কার্ডও নিলামে উঠছে, যেখানে মেসির হাতে রেপ্লিকা ট্রফির ছবি রয়েছে। লুসাইল স্টেডিয়ামে সেই ফাইনালে ফ্রান্সের সঙ্গে অতিরিক্ত সময় ৩-৩ গোলে শেষ করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
নিলামকারী প্রতিষ্ঠানের মতে, ‘একসঙ্গে এই দুটি সংগ্রহযোগ্য বস্তু আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপ উদযাপনের একটি স্বাক্ষরিত নিদর্শন এবং সেই মুহূর্তটিকে চিত্রিত করা একটি নিখুঁত ট্রেডিং কার্ড, দুটোই অর্জন করার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে।’
কোম্পানিটি জানিয়েছে যে, ট্রফিটির সঙ্গে যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলের পাশাপাশি এর সত্যতা ও উৎস প্রমাণের জন্য ছবি এবং ভিডিও রয়েছে।
এসি/আপ্র/০৪/১১/২০২৬