গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ মার্চ ২০২৬

মেনু

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত, মালিককে তলব

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫৭ এএম ২০২৬
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত, মালিককে তলব
ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস -ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে বাসটির মালিককে তলব করা হয়েছে। গত শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এদিকে বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। সেই প্রতিবেদনে জানানো হয়, ২৫ মার্চ বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বলল তদন্ত কমিটি: এ ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির দল শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় তারা প্রতক্ষ্যদর্শী, স্থানীয় এলাকাবাসী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের সঙ্গে কথা বলেন। এ ছাড়া, স্পিডবোট নিয়ে তারা ৩নং ফেরিঘাট এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ৩নং ফেরিঘাটের পন্টুনটি পরিদর্শন করেন।

বাস দুর্ঘটনার জন্য দায়ী কারা, এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও বিভিন্ন সুপারিশের জন্য জেলা প্রশাসন রাজবাড়ী ও নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু তদন্ত কার্যক্রম এখনো চলমান, অনেক ডিপার্টমেন্ট এখানে জড়িত। তাই বাস দুর্ঘটনায় জন্য কে দায়ি, সে বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমরা তদন্ত কমিটির যারা রয়েছি, তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেবো। তিনি আরো বলেন, উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজকের উদ্ধারকারী দল ঘাটের পন্টুন সরিয়ে তল্লাশি করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান। তবে এখন পর্যন্ত কেউ কোনো দাবি করেনি তার স্বজন নিখোঁজ রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাসে কতজন যাত্রী ছিল, এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, বাসের যে টিকিট বিক্রি হয়েছিল এবং বিভিন্ন কাউন্টার থেকে যে যাত্রী উঠেছিল সেই হিসেবে সেখানে ছিল ৪০ জন এবং চালক ও হেলপার মিলে হয় ৪২ জন। এটা যেহেতু যাচাই সাপেক্ষ বিষয়, তদন্ত কার্যক্রমও চলমান সেহেতু আমরা এক্সাক্টলি বলতে পারছি না কতজন যাত্রী ছিল। যেহেতু ঈদ-পরবর্তী সময়, যাত্রীদের চাপ থাকে, কাউন্টার ছাড়া যাত্রী উঠেছিল কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, আপনারা জানেন তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। বাস ডুবে যাওয়ার ঘটনার দিন থেকেই আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সংশ্লিষ্ট ইউএনও বার বার ঘটনাস্থলে আসছেন। বিভিন্ন বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রত্যক্ষদর্শীসহ যারা যারা আছেন সার্বিক বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলছি। তিনি আরো বলেন, এখানে আমাদের ফেরি ব্যবস্থাপনাসহ আধুনিকায়নসহ যে যে বিষয়গুলো এসেছে সেগুলোতে পলিসিগত একটা বিষয় আছে। আমাদেরকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। আমরা সার্বিক বিষয় অবজারভ করে তদন্ত প্রতিবেদনে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করবো।
তড়িঘড়ি করে ৩ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়ক সংস্কার করা হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাপ্রোচ সড়কের বিষয়ে সড়ক বিভাগ ও বিআইডব্লিউটিএ যারা আছেন তারা বিষয়টি দেখেন। যেহেতু এটা তাদের পার্ট তারাই ভালো বলতে পারবে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেউ এসে নিখোঁজের দাবি করেনি। তারপরও আমরা তল্লাশি চালাচ্ছি আরো মরদেহ আছে কিনা তা দেখতে।

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শামসুল হক, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ
২৮ মার্চ ২০২৬

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টন কার্যালয়ে তারেক রহমান

চার দিনের সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি
২৮ মার্চ ২০২৬

চার দিনের সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর...

চব্বিশকে স্বাধীনতার সমান করলে বিপর্যয় হবে
২৮ মার্চ ২০২৬

চব্বিশকে স্বাধীনতার সমান করলে বিপর্যয় হবে

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ভাষা সৈনিক আমেনা আহমেদ মারা গেছেন
২৮ মার্চ ২০২৬

ভাষা সৈনিক আমেনা আহমেদ মারা গেছেন

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।ন্যাপের সাবেক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই