অনেক দিনের শুষ্ক আবহাওয়ার পর অবশেষে রাজধানী ঢাকায় নামলো ফাল্গুনি বৃষ্টি। পবিত্র রমজান মাস; মার্চের ২ তারিখ সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ হঠাৎ করে কয়েক মিনিটের জন্য ঝিরঝিরে বৃষ্টি হয়। বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি হয়।
টানা প্রায় ৫ মাস ধরে বৃষ্টিহীন আবহাওয়ার কারণে নগরজীবনে যে অস্বস্তি তৈরি হয়েছিল; শুকনো আবহাওয়ায় বায়ুদূষণ সৃষ্টি হয়েছিল-এই সামান্য বৃষ্টিতেই কিছুটা প্রশান্তি নেমে আসে। হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে। রোজাদারদের অনেকেই বলেন, রোদের তীব্রতার মধ্যে এই বৃষ্টি যেন আল্লাহর বিশেষ রহমত।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। আগামীকালও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের শুরুতেই এমন স্বল্পস্থায়ী বৃষ্টি নগরীর ধুলোবালি কমাতে সহায়ক হবে। তবে স্থায়ী স্বস্তি এবং ফসল উৎপাদনের জন্য পরিমিত বৃষ্টিপাত প্রয়োজন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশে শীত মৌসুমের পর এখনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তাই হঠাৎ এই বৃষ্টি নগরবাসীর মনে আনন্দের সঞ্চার করেছে।
সানা/আপ্র/২/৩/২০২৬