গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

রুট নিয়ে বিরোধের মধ্যেই আজ চালু কোম্পানিভিত্তিক বাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
রুট নিয়ে বিরোধের মধ্যেই আজ চালু কোম্পানিভিত্তিক বাস
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার উদ্যোগ শুরুর আগেই রুট বরাদ্দ নিয়ে পরিবহন মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে চলাচল করা রজনীগন্ধা পরিবহনকে বরাদ্দ দেওয়া হয়েছে কাঁচপুর রুট। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে কোম্পানিটি। একইভাবে আরও কয়েকটি পরিবহন কোম্পানি নির্ধারিত রুট ও বাসের ফিটনেস নিয়ে জটিলতায় রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই আজ রোববার (১ নভেম্বর) রাজধানীর ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। সকাল ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সূত্রে জানা গেছে, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।

রজনীগন্ধা পরিবহনের চালক মো. আমির বলেন, তাঁদের কোম্পানি ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে বাস পরিচালনা করছে। কিন্তু ডিটিসিএ তাঁদের কাঁচপুর রুট বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে বাস মালিক সমিতির মাধ্যমে রুট পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। সমস্যার সমাধান হলে তাঁরা নতুন ব্যবস্থায় যুক্ত হবেন।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বলেন, রজনীগন্ধা, প্রজাপতি ও পরিস্থানসহ কয়েকটি কোম্পানি নির্ধারিত রুট নিয়ে সমস্যায় রয়েছে। কিছু বাসের ফিটনেস ও নির্ধারিত রঙের মান নিয়েও জটিলতা আছে। এসব সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, রোববার কয়েকটি কোম্পানি রুট পুনর্বিন্যাস কার্যক্রমে যুক্ত হতে না পারলেও উদ্যোগটি চালু করা হবে। ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত সমস্যা সমাধানে নিয়মিত বৈঠক হচ্ছে।

ছয় রুটে ৮১৬ বাস চালানোর পরিকল্পনা

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ছয়টি রুটে মোট ৮১৬টি বাস চলাচলের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭৯৬টি শীতাতপনিয়ন্ত্রণবিহীন এবং ২০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস।

পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী-ঢাকেশ্বরী মন্দির রুটে ভিআইপি পরিবহনের ২৫৩টি, মিরপুর চিড়িয়াখানা-কেরানীগঞ্জ রুটে চিড়িয়াখানা সিটি বাসের ১৩৩টি এবং ঘাটারচর-ডেমরা রুটে রমজান আলী এন্টারপ্রাইজের ৭০টি বাস চলবে।

অন্যদিকে, ঘাটারচর-কাঁচপুর রুটে ফোর স্টার বাস লাইনের ১৫০টি, ঘাটারচর-ধউর রুটে পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি এবং টঙ্গী-ঢাকেশ্বরী মন্দির রুটে ঢাকা চাকার ২০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস চলাচলের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ফার্মগেট, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি বৃত্তাকার রুটে ৬০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানি বাস পরিচালনা করবে। একই রুটে একাধিক কোম্পানির বাসের মধ্যে যাত্রী ধরার প্রতিযোগিতা কমিয়ে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচল নিশ্চিত করাই এ ব্যবস্থার মূল উদ্দেশ্য।

৩২ করিডোরে পুনর্বিন্যাস হবে বাস নেটওয়ার্ক

এ কার্যক্রম বাস্তবায়নে ডিটিসিএর সঙ্গে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিদ্যমান বাস নেটওয়ার্ককে ৩২টি করিডোরে পুনর্বিন্যাস করা হবে। এসব করিডোরে নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকিটিং ও জিপিএসের মাধ্যমে বাসের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো, বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রীসেবার মান উন্নত করাই এ উদ্যোগের লক্ষ্য। তবে রুট বরাদ্দ নিয়ে বিরোধ ও বাসের মানসংক্রান্ত জটিলতা নতুন ব্যবস্থার বাস্তবায়নকে শুরুতেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসি/আপ্র/০১/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আজ জাতীয় যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ১৪ জন
০১ নভেম্বর ২০২৬

আজ জাতীয় যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ১৪ জন

জাতীয় যুব দিবস আজ রোববার (১ নভেম্বর)। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন সংগঠক ও ১০ জন সফ...

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
০১ নভেম্বর ২০২৬

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্ব...

মৃত্যুর রাতে বন্ধুসহ বারে গিয়েছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী
০১ নভেম্বর ২০২৬

মৃত্যুর রাতে বন্ধুসহ বারে গিয়েছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছেন আইন...

বিভাজন নয়, সব রাজনৈতিক দলের ঐক্য ও সমঝোতা চান স্বরাষ্ট্রমন্ত্রী
৩১ অক্টোবর ২০২৬

বিভাজন নয়, সব রাজনৈতিক দলের ঐক্য ও সমঝোতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনও রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চায় না। জুলাই গণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই