সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে বাস দুর্ঘটনায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। আহত ব্যক্তিরা খুলনা থেকে লংমার্চ শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। তাঁরা জামায়াত-শিবিরের নেতাকর্মী।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ নিহত হন। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে এলাকায় অস্বাভাবিকভাবে চলাফেরা করতেন। স্থানীয় লোকজন তাঁকে ‘খালেক পাগল’ নামে ডাকতেন। দুর্ঘটনার সময় খুলনা থেকে আসা লংমার্চফেরত বাসটি তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।
সানা/আপ্র/০১/১১/২০২৬