গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

আজ শাশুড়ি দিবস, ভালোবাসা ও সম্মান জানানোর দিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
আজ শাশুড়ি দিবস, ভালোবাসা ও সম্মান জানানোর দিন
ছবি

ছবি সংগৃহীত

অক্টোবর মাসের চতুর্থ রোববার পালিত হয় জাতীয় শাশুড়ি দিবস। জীবনের সেই বিশেষ নারীকে সম্মান জানাতেই দিনটি পালন করা হয়, যিনি আপনার প্রিয় মানুষটিকে পৃথিবীতে এনেছেন। সন্তানদের সংসার ও পরিবারে শাশুড়ির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করাই এ দিবসের মূল উদ্দেশ্য।

মে মাসে মা দিবস পালনের মতোই শাশুড়ি দিবসও পরিবারের আরেকজন গুরুত্বপূর্ণ নারীকে ভালোবাসা জানানোর উপলক্ষ। পরিবারের সদস্যসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শাশুড়িরাও নতুন সদস্যদের আপন করে নেন। স্নেহ-মমতা দেওয়ার পাশাপাশি নাতি-নাতনিদের দেখাশোনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। ছুটির দিন একসঙ্গে কাটানো থেকে শুরু করে নানা কাজে তাঁদের চেষ্টা থাকে সন্তানদের সুখী ও নিরাপদ রাখা।

শাশুড়ি-পুত্রবধূর সম্পর্ক যেমন হয়

শাশুড়ির সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে কখনো কখনো কয়েক বছর লেগে যায়। আবার কারও কারও ক্ষেত্রে শুরু থেকেই গভীর বন্ধন তৈরি হয়। সন্তানদের দাম্পত্য জীবন সুখের ও সুস্থ হলে শাশুড়ির দায়িত্বও সহজ হয়ে আসে। তখন নিজের সন্তান ও তার জীবনসঙ্গীর সুখে পাশে থাকাই হয়ে ওঠে প্রধান বিষয়।

সন্তানের বিয়ের পর মায়ের জীবনেও পরিবর্তন আসে। নতুন সদস্যকে আপন করে নেওয়ার আনন্দের পাশাপাশি নিজের গুরুত্ব কমে যাওয়ার ভয় কিংবা সন্তানের সঙ্গে আগের মতো সময় কাটাতে না পারার আক্ষেপ তৈরি হতে পারে। অভ্যাস ও পারিবারিক রীতিনীতির অমিল থেকেও দূরত্ব তৈরি হয়।

অন্যদিকে, অনেক পরিবারে শাশুড়ির আচরণ নিয়ে বিরোধ দেখা যায়। সামান্য ভুলেও পুত্রবধূকে কথা শোনানো, মানসিক চাপ সৃষ্টি করা কিংবা শারীরিক নির্যাতনের মতো ঘটনা সম্পর্ককে তিক্ত করে তোলে। এ ধরনের দ্বন্দ্ব কখনো কখনো ভয়াবহ পরিণতিও ডেকে আনে।

অনেক নারী একসময় নিজের শাশুড়ির কাছ থেকে যে আচরণ পেয়েছেন, পরবর্তী সময়ে ছেলের বউয়ের সঙ্গেও একই আচরণ করেন। কিন্তু অতীতে অন্যায় বা নির্যাতনের শিকার হয়েছেন বলে আরেকজনের সঙ্গে একই আচরণ করা ঠিক নয়। বরং নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুত্রবধূকে সেই কষ্ট থেকে দূরে রাখার চেষ্টা করা যেতে পারে।

এমন অনেক শাশুড়িও আছেন, যাঁরা পুত্রবধূকে শুধু ছেলের স্ত্রী হিসেবে নয়, নিজের মেয়ের মতো ভালোবাসেন। স্নেহ-যত্নে আগলে রাখেন এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। নিজের মেয়ের কথা বিবেচনা করেও তাঁরা ছেলের বউয়ের প্রতি সহানুভূতিশীল আচরণ করেন।

সম্পর্কের জটিলতা নিয়ে গবেষণা

সমাজবিজ্ঞানী কীরা অ্যালেনডর্ফের একটি গবেষণায় ভারতের একটি গ্রামের ২২টি পরিবারের ৪৬ জন সদস্যের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক সব সময় দ্বন্দ্বপূর্ণ নয়। কিছু পরিবারের নারীদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল, আবার কোথাও কষ্টদায়ক কথাবার্তা ও যোগাযোগের অভাব দেখা গেছে।

গবেষকের মতে, একদিকে পরস্পরকে আপনজন ভাবার প্রত্যাশা, অন্যদিকে পরিবারের ভেতরে ভিন্ন দায়িত্ব ও অবস্থান—এই দুইয়ের টানাপোড়েনে সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে।

তাই নতুন সম্পর্কের সঙ্গে মানিয়ে নিতে সময় দেওয়া জরুরি। সন্তানের জীবনে নতুন কাউকে আসতে দেখে নিজের জায়গা হারানোর ভয় না পেয়ে দুই পক্ষের চাহিদা ও প্রত্যাশার মধ্যে ভারসাম্য তৈরি করা প্রয়োজন।

সন্তানের বিয়ের পর শাশুড়ির ভূমিকা নিয়ে অনেক পরিবারে প্রত্যাশার পার্থক্য দেখা যায়। তিনি অভিজ্ঞতা থেকে পরামর্শ দিতে চান এবং সন্তানের পাশে থাকতে আগ্রহী হন। পারিবারিক অনুষ্ঠান, অসুস্থতার সময় যত্ন নেওয়া কিংবা নাতি-নাতনিদের দেখাশোনায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত দায়িত্ব নেওয়া কিংবা দম্পতির সব সিদ্ধান্তে যুক্ত থাকতে চাইলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে।

২০১৯ সালে *সোশ্যাল ওয়ার্ক রিসার্চ* সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক এবং ছেলের সংসারে নিজের অবস্থান নিয়ে মায়ের অনুভূতি তাঁদের পারস্পরিক ঘনিষ্ঠতাকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে, ছেলের সংসারে নিজেকে উপেক্ষিত মনে করলে পুত্রবধূর সঙ্গে ঘনিষ্ঠতা কমে যেতে পারে। তবে গবেষণাটি যুক্তরাষ্ট্রভিত্তিক হওয়ায় এর ফল বাংলাদেশের সব পরিবারের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে।

সন্তানের বিয়ের পর মায়ের দায়িত্বের ধরন বদলে যায়। দম্পতিকে নিজেদের মতো সংসার চালানোর সুযোগ দেওয়া এবং পরামর্শ দেওয়ার আগে তাঁরা তা চান কি না, জেনে নেওয়া জরুরি। অন্যদিকে, সন্তানেরও উচিত মায়ের অনুভূতি ও অবদানকে গুরুত্ব দেওয়া। নতুন সংসারকে সময় দেওয়ার পাশাপাশি মায়ের খোঁজ নেওয়া এবং প্রয়োজনে পাশে থাকা দরকার। মা ও জীবনসঙ্গীর মধ্যে মতবিরোধ হলে দুজনের কথা শুনে সমাধানের চেষ্টা করা উচিত।

যেভাবে পালন করবেন শাশুড়ি দিবস

শাশুড়ির সঙ্গে সম্পর্ক যেমনই হোক, দিনটি তাঁর জন্য বিশেষ করে তোলার চেষ্টা করতে পারেন। ছোট্ট একটি উদ্যোগও তাঁকে আনন্দ দিতে পারে।

- তাঁর পছন্দের রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দিন।
- বাড়ির কোন কাজটি করে দিলে তাঁর সুবিধা হবে, তা জানতে চান।
- তাঁর ভালো জানা কোনো কাজ, যেমন বিশেষ রান্না, শেখানোর অনুরোধ করুন।
- তাঁর গুণ ও অবদানের প্রশংসা করুন।
- পরিবারের সঙ্গে ছবি তোলার সময় তাঁকে আনন্দের সঙ্গে অংশ নিতে উৎসাহ দিন।
- সামাজিক যোগাযোগমাধ্যমে দিবসটি নিয়ে পোস্ট করে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন।

তাঁকে যে মনে রেখেছেন, সেটি প্রকাশ করাই এ দিনের অন্যতম উদ্দেশ্য। দামি উপহারের চেয়ে আন্তরিকতা ও সম্মান অনেক সময় বেশি আনন্দ দিতে পারে।

যেভাবে শুরু হয়েছিল দিবসটি

জাতীয় শাশুড়ি দিবসের সূচনা যুক্তরাষ্ট্রে। টেক্সাস অঙ্গরাজ্যের আমেরিলো শহরের একটি স্থানীয় সংবাদপত্রের সম্পাদক জিন হাও শাশুড়িদের সম্মানে এ দিবস চালু করেন। মা দিবসের আদলে ১৯৩৪ সালের ৫ মার্চ আমেরিলোতে প্রথমবার দিবসটি পালিত হয়।

বছরের পর বছর বিভিন্ন দিনে দিবসটি পালিত হয়েছে। পরবর্তী সময়ে গঠিত হয় শাশুড়ি দিবস কমিটি। প্রতিবছর এ কমিটি দিবসটির জন্য সম্মানিত ব্যক্তিদের নির্বাচন করত। এরপর ১৯৭০-এর দশকে আমেরিকান সোসাইটি অব ফ্লোরিস্টস অক্টোবরের শেষ রোববারকে জাতীয় শাশুড়ি দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে এ দিনেই দিবসটি পালিত হয়ে আসছে।

সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মন খারাপ হলেই কেন খেতে ইচ্ছা করে
২৫ অক্টোবর ২০২৬

মন খারাপ হলেই কেন খেতে ইচ্ছা করে

সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ কিংবা আর্থিক দুশ্চিন্তা—বিভিন্ন কারণে মানুষের মন খারাপ হতে প...

সম্প্রীতির বাংলাদেশে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ
১৯ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বাংলাদেশে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ

দেশজুড়ে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজ...

পোশাক বৈচিত্র্যের মধ্য দিয়েই ভিন্নতাকে জানানো হয় সম্মান
১৯ অক্টোবর ২০২৬

পোশাক বৈচিত্র্যের মধ্য দিয়েই ভিন্নতাকে জানানো হয় সম্মান

‘লাউড শার্ট ডে’র মূল উদ্দেশ্য হলো শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজ...

ভ্রমণে গিয়ে হোটেল-রিসোর্টে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় সতর্কতা
১৯ অক্টোবর ২০২৬

ভ্রমণে গিয়ে হোটেল-রিসোর্টে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় সতর্কতা

ভ্রমণে গিয়ে অনেক সময় নানা রকম বিপদের মুখে পড়তে হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে অগ্নিকাণ্ড। তাই অগ্নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই