গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ৮০ কোটি ডলারে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ৮০ কোটি ডলারে সমঝোতা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা প্রায় ১ হাজার ৩০০ জনের সঙ্গে ৮০ কোটি ডলারের ক্ষতিপূরণ চুক্তিতে সম্মত হয়েছে নিউইয়র্কের আর্চডায়োসিস। সাত বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এ সমঝোতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে কোনো ক্যাথলিক আর্চডায়োসিসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এটি দ্বিতীয় বৃহত্তম ক্ষতিপূরণ চুক্তি।

শনিবার (২৪ অক্টোবর) যাজকদের কাছে পাঠানো এক ই-মেইলে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন আর্চবিশপ রোনাল্ড হিকস। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাক্ষরের পরই চুক্তিটি চূড়ান্ত হবে। আগামী ৬ নভেম্বরের সপ্তাহে এতে স্বাক্ষর করার কথা রয়েছে।

নিউইয়র্কের ক্যাথলিক গির্জার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করা ব্যক্তিদের আইনজীবীরা এর আগে সমঝোতার ঘোষণা দেন। চুক্তির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রত্যেকে কত অর্থ পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনায় এর চেয়ে বড় ক্ষতিপূরণ চুক্তি হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ক্যাথলিক আর্চডায়োসিসের সঙ্গে। ২০২৪ সালে প্রায় এক হাজার নির্যাতনের শিকার ব্যক্তিকে ৮৮ কোটি ডলার দিতে সম্মত হয় প্রতিষ্ঠানটি। এর আগে একই ধরনের দাবিতে আরও ৭৪ কোটি ডলার পরিশোধ করেছিল তারা।

এ ছাড়া চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস প্রায় ৫০০টি মামলার নিষ্পত্তিতে ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে নিউ অরলিন্সের আর্চডায়োসিসের অন্তত ২৩ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার সমঝোতাও অনুমোদন করেন এক ফেডারেল বিচারক।

নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তির জন্য চলতি বছরের মে মাসে একটি সমঝোতার কাঠামো তৈরি করা হয়েছিল। এতে অভিযোগ দায়ের করা প্রত্যেক ব্যক্তির সম্মতি প্রয়োজন ছিল।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা করা ব্যক্তিদের আইনজীবী জেফ অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেন, অভিযোগকারীদের সম্মিলিত সম্মতি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাঁদের সাহস, ত্যাগ ও দৃঢ়তা জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি এনেছে।

আইনজীবী ত্রুশা গফে বলেন, বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে এ সমঝোতায় পৌঁছানো নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য একটি অসাধারণ অর্জন।

নিউইয়র্কের আর্চডায়োসিসের আওতায় শহরটির ব্রঙ্কস, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ড এলাকা এবং শহরের উত্তরের সাতটি কাউন্টি রয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে প্রায় ৩০০টি গির্জা, ১৫০টির বেশি ধর্মীয় বিদ্যালয় এবং ২৫ লাখ ক্যাথলিক রয়েছেন।

আর্চবিশপ হিকস তাঁর ই-মেইলে বলেন, চুক্তিটি চূড়ান্ত হলে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও নিরাময় ও পুনর্মিলনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে গির্জা আবারও ধর্মীয় শিক্ষা প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায়দের সহায়তা, আশ্রয়প্রার্থীদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানে পুরো মনোযোগ দিতে পারবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০১৯ সালে প্রণীত একটি আইন অনুযায়ী, শৈশবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা নির্যাতনকারী এবং তাঁদের রক্ষাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫ বছর বয়স পর্যন্ত মামলা করতে পারেন। আইনটি কার্যকর হওয়ার সময় যাঁদের বয়স ইতিমধ্যে ৫৫ বছর পেরিয়েছিল, তাঁরাও নির্যাতনের সময় নির্বিশেষে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মামলা করার সুযোগ পেয়েছিলেন।

সূত্র: এনবিসি নিউজ

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্কুলে বোমা আছে জানিয়ে হুমকি, আটক ১৬ বছরের ছাত্রী
২৫ অক্টোবর ২০২৬

স্কুলে বোমা আছে জানিয়ে হুমকি, আটক ১৬ বছরের ছাত্রী

ভারতের দিল্লিতে একটি বিদ্যালয়ে বোমা রাখার ভুয়া হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক...

ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের
২৫ অক্টোবর ২০২৬

ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি ঘিরে অবরোধ ও উত্তেজনার মধ্যে ইরানকে দ্রুত চুক্তিতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে...

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেফতার প্রায় এক হাজার
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেফতার প্রায় এক হাজার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের নানা সমস্যার প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলম...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১৭ ডলার, পাঁচ মাসে সর্বোচ্চ
২৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১৭ ডলার, পাঁচ মাসে সর্বোচ্চ

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে ধারাবাহিক হামলা এবং এর জেরে পশ্চিম এশিয়ায় জ্বালানি সর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই