গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

শাশুড়ির ১৭ বছরের সেবায় চেতনা ফিরলো পুত্রবধূর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৮ এএম ২০২৬
শাশুড়ির ১৭ বছরের সেবায় চেতনা ফিরলো পুত্রবধূর
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের মাত্র এক মাসের মাথায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চেতনা হারান তরুণী শু। এরপর কেটে গেছে ১৭ বছর। এই দীর্ঘ সময়ে পুত্রবধূকে পরিত্যাগ করেননি শাশুড়ি শুয়ান ফেংইং। নিজের সন্তানের মতো আগলে রেখে দিনের পর দিন করেছেন সেবা-যত্ন। তাঁর নিরলস পরিচর্যায় কয়েক বছর আগে চেতনা ফিরে পান শু। এখন অল্পস্বল্প কথা বলার পাশাপাশি নিজে সাধারণ খাবারও রান্না করতে পারেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) চীনের সংবাদমাধ্যম শানদিয়ান নিউজের এক প্রতিবেদনে এ ঘটনা উঠে এসেছে। চীনের শানদং প্রদেশের ছিংইউন কাউন্টিতে ২০০৯ সালে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শু। তখন তাঁর বিয়ের বয়স ছিল মাত্র এক মাস। দুর্ঘটনার পর থেকেই পুত্রবধূর দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বর্তমানে ৬৮ বছর বয়সী শাশুড়ি শুয়ান ফেংইং।

দীর্ঘ ১৭ বছর ধরে পুত্রবধূর পরিচর্যা করে আসছেন শুয়ান। প্রতিবার এক চামচ করে তরল খাবার খাওয়াতে তাঁর প্রায় এক ঘণ্টা সময় লাগত। দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার কারণে শরীরে ক্ষত তৈরি হওয়া ঠেকাতে দিনে ১০ বারেরও বেশি পুত্রবধূকে পাশ ফিরিয়ে দিতেন তিনি।

পুত্রবধূর শারীরিক অসংযমের কারণে শরীর পরিষ্কার করা এবং নিয়মিত পেশিতে মালিশ করাও ছিল শুয়ানের প্রতিদিনের কাজ। নিজের সন্তানের মতো আগলে রেখে বছরের পর বছর এসব দায়িত্ব পালন করেছেন তিনি।

শুয়ানের যত্ন শুধু শারীরিক পরিচর্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পরিবারের সদস্যদের ও গ্রামের নানা খবর পুত্রবধূকে শোনাতেন তিনি। বাজিয়ে দিতেন তাঁর প্রিয় গান। বারবার নাম ধরে ডাকতেন, কথা বলতেন তাঁর সঙ্গে। এভাবেই বছরের পর বছর পুত্রবধূর সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছেন শুয়ান।

কয়েক বছর আগে শুর চেতনা ফিরে আসে। তবে দুর্ঘটনায় মস্তিষ্কের গুরুতর ক্ষতি হওয়ায় তাঁর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা চার বছর বয়সী শিশুর মতো রয়ে গেছে। এরপরও হাল ছাড়েননি শাশুড়ি। পুত্রবধূকে হাঁটতে শেখানোসহ বিভিন্ন পুনর্বাসন অনুশীলনে সহায়তা করেছেন তিনি।

এখন শু অল্পস্বল্প কথা বলতে পারেন। এমনকি নিজে সাধারণ খাবারও রান্না করেন। সম্প্রতি শাশুড়িকে ‘মা, ভালো’ বলে সম্বোধন করেছেন তিনি। পুত্রবধূর মুখে এমন কথা শুনে শুয়ানের দীর্ঘদিনের পরিচর্যার গল্প পেয়েছে নতুন আবেগঘন মাত্রা।

শুয়ান বলেন, পুত্রবধূ তাঁর ছেলেকে বিয়ে করেছেন, তাই তিনিও তাঁর সন্তান। তাঁকে কীভাবে পরিত্যাগ করবেন? পুত্রবধূ এখন নিজে রান্না করতে পারায় কিছুটা স্বস্তি পান তিনি। কারণ, শুয়ানের মৃত্যুর পরও অন্তত নিজের খাবারের ব্যবস্থা করতে পারবেন শু।

তবে পুত্রবধূর ভবিষ্যৎ নিয়ে এখনো উদ্বিগ্ন শুয়ান। নিজের মৃত্যুর পর যেন তাঁর ছেলের স্ত্রীর দেখাশোনায় অবহেলা না হয়, সে জন্য ছেলেকে আগেই সতর্ক করে রেখেছেন তিনি। শুয়ান জানিয়েছেন, তাঁর মৃত্যুর পরও ছেলেকে স্ত্রীর যত্ন নিতে হবে।

এদিকে, দীর্ঘদিন পুত্রবধূর পরিচর্যা করতে গিয়ে শুয়ানের নিজের শরীরেও নানা সমস্যা দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে পায়ের ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি। তবু পুত্রবধূর সেবা থেকে পিছিয়ে যাননি এই নারী।

শুয়ানের এই আত্মত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে আবেগাপ্লুত করেছে। অনেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ৮০ কোটি ডলারে সমঝোতা
২৫ অক্টোবর ২০২৬

যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ৮০ কোটি ডলারে সমঝোতা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা প্রায় ১ হাজার...

স্কুলে বোমা আছে জানিয়ে হুমকি, আটক ১৬ বছরের ছাত্রী
২৫ অক্টোবর ২০২৬

স্কুলে বোমা আছে জানিয়ে হুমকি, আটক ১৬ বছরের ছাত্রী

ভারতের দিল্লিতে একটি বিদ্যালয়ে বোমা রাখার ভুয়া হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক...

ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের
২৫ অক্টোবর ২০২৬

ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি ঘিরে অবরোধ ও উত্তেজনার মধ্যে ইরানকে দ্রুত চুক্তিতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে...

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেফতার প্রায় এক হাজার
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেফতার প্রায় এক হাজার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের নানা সমস্যার প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই