একটা সময় ছিল সাবুদানাকে মনে করা হতো শুধু রোগীর পথ্য। অথচ এ সাবুদানা দিয়েই বানানো যায় মজাদার নানা পদ। সাম্প্রতিক সময়ে রান্নার কৌশল পরিবর্তনের মাধ্যমে সাবুদানাকে খিচুড়ি ও পাকোড়াসহ বিভিন্ন পদে রূপান্তর করার নতুন প্রবণতা দেখা দিয়েছে। এসব নতুন রেসিপিটি ঘরোয়া রান্নাঘরে জনপ্রিয়তা অর্জন করেছে; বিশেষ করে যারা দ্রুত ও সহজ খাবারের খোঁজে থাকেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে উঠে এসেছে। সাবুদানার তৈরি প্রক্রিয়াটি খুবই সহজ এবং কম খরচে সম্পন্ন করা যায়- যা আধুনিক জীবনের ব্যস্ততাকে সামলে নিতে সাহায্য করে। তাই নিচে দেওয়া হলো ভিন্ন স্বাদের সাবুদানার মজাদার খিচুড়ি ও পাকোড়া তৈরির রেসিপি-
সাবুদানার খিচুড়ি
উপকরণ: সাবুদানা এক কাপ, বিভিন্ন রকম সবজি (ছোট কিউব করে কাটা) এক কাপ, ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ, আস্ত জিরা এক চা-চামচ, আদা কুচি আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২-৩টি (ঝাল অনুযায়ী), লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, কারিপাতা ১০-১২টি (সুগন্ধের জন্য), লেবুর রস এক টেবিল চামচ ও ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ।
প্রণালি: অতিরিক্ত স্টার্চ দূর করতে ৩-৪ বার ভালো করে সাবুদানা ধুয়ে নিন। ৪-৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন। সাবুদানা পানি শুষে ফুলে উঠবে, হাত দিয়ে চাপলে একদম নরম হয়ে যাবে, দানাগুলো ঝরঝরে থাকবে। কড়াইয়ে ঘি বা তেল গরম করুন। গরম হলে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইতে দিয়ে দিন। এবার সাবুদানায় লবণ আর চিনি মেশান। ওই সাবুদানা কড়াইয়ে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে অনবরত হালকা হাতে নাড়তে থাকুন। ২-৩ মিনিট নাড়ার পর যখন দেখবেন সাবুদানার দানাগুলো কাচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, কড়াই ঢাকা দিয়ে একদম কম আঁচে ২ মিনিটের জন্য দমে রাখুন। ঢাকনা খুলে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কারিপাতা দিন, ধনেপাতা দিন। হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম।
সাবুদানার পাকোড়া
উপকরণ: পছন্দমতো সবজি কুচি দেড় কাপ, আলু গ্রেট করা আধা কাপ, সাবুদানা এক কাপ, আদা কুচি বা বাটা এক চা-চামচ, কুচানো কাঁচা মরিচ ৩-৪টি, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, বেসন বা চালের গুঁড়া ৩-৪ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, চাট মসলা এক চা-চামচ, চিনাবাদাম ২ টেবিল চামচ (আধভাঙা করে ভাজা), জোয়ান আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।
প্রণালি: সাবুদানা ভালো করে ধুয়ে তিন-চার ঘণ্টা অল্প পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি শুষে দানাগুলো হয়ে উঠবে ঝরঝরে। গ্রেট করা আলু ও অন্যান্য সবজি কাটার পর হাত দিয়ে চিপে অতিরিক্ত পানি ফেলে দিন। সবজিতে পানি বেশি থাকলে পাকোড়া মুচমুচে হবে না। একটি বড় পাত্রে সাবুদানা, সবজি, আদা, কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি একসঙ্গে নিন। এবার ওই পাত্রে বেসন বা চালের গুঁড়া, গোটা জিরা, হলুদ, মরিচের গুঁড়া, চাট মসলা, বাদাম, জোয়ান ও লবণ দিন। হাত দিয়ে চেপে চেপে সব উপকরণ খুব ভালো করে মেখে নিন। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল মাঝারি আঁচে ভালো করে গরম করে নিন। মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ নিয়ে ছোট ছোট পাকোড়ার আকারে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালি এবং একদম মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজুন। একবারে খুব বেশি পাকোড়া কড়াইতে দেবেন না। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে নিন। কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। ওপর থেকে সামান্য বিট লবণ বা চাট মসলা ছড়িয়ে পরিবেশন করুন।
কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬