নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভাগে প্রথম হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী আত্মা খান। দ্বিতীয় হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং তৃতীয় হয়েছেন ভারতের হুগলীর পৌলমী মুখার্জী। পপুলার বিভাগে প্রথম হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজনীন আজাদ।
গত শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান, অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী উম্মে রুমা, কবি বরুণ চক্রবর্তী ও অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে লন্ডন থেকে অনলাইনে বক্তব্য দেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন আবাসিক সম্পাদক সাহানারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক ওমর আলী। প্রতিযোগিতার সর্বসাধারণ বিভাগে পুরস্কার পেয়েছেন তৃষ্ণা রাণী রায়, কলকাতার শালিনী লোধ, মুন্সীগঞ্জের এস এম মনির এবং আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ।
বিশেষ বিভাগে পুরস্কার অর্জন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার, বরিশালের আল আমিন হোসেন, রংপুরের মারিয়া আক্তার ও সুনামগঞ্জের মহাশ্বেতা রাই। ছোটদের বিভাগে পুরস্কার পেয়েছেন ভারতের মালদা জেলার কৌশিকী সিংহ, ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের রাদিয়া ইসলাম হৃদি, বিএএফ শাহীন কলেজের চাঁদনী রায়, ফরিদপুর গার্লস হাইস্কুলের আদ্রিতা কুন্ডু, খুলনার অনির্বাণ বিশ্বাস, কলকাতার অনামিভা রায়, জামালপুরের এ এম প্রচ্ছদ এবং মুর্শিদাবাদের আলিয়ান জাহিদীন। নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনলাইনে এ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে বিচারকমণ্ডলীর সদস্যরা বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রতিযোগীদের অভিভাবকেরা ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি স্বাধীনতাসংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানা/আপ্র/১১/১১/২০২৬