এস এ খান শিল্টু: মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ৫ থেকে ৭ নভেম্বর তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপত্তা, নির্বিঘ্ন যাতায়াত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। এ উপলক্ষে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে সদস্যদের বিস্তারিত অবহিত করেন। ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পকেটমার ও ছিনতাইকারী চক্রের তৎপরতা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে। ইজতেমা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সানা/আপ্র/৫/১১/২০২৬