গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ঢাকা-বেইজিংকে একসঙ্গে কাজের আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৪ এএম ২০২৬
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ঢাকা-বেইজিংকে একসঙ্গে কাজের আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

বৈশ্বিক পরিমণ্ডলে একতরফাবাদ, ক্ষমতার রাজনীতি ও ‘জঙ্গলের আইন’-এর চর্চা মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ ও চীনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন ও আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরো জরুরি হয়ে উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মূল বক্তব্যে এসব কথা বলেন ঢাকা সফররত লিউ হাইশিং। ঢাকার একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত ‘যেখানে ইতিহাস আলোকিত করে ভবিষ্যৎকে: চীন-বাংলাদেশ রাজনৈতিক দলসমূহের সহযোগিতা’ শীর্ষক এ আলোচনায় ‘বাংলাদেশ-চীন দল ও রাষ্ট্র পরিচালনা অধ্যয়ন কেন্দ্র’-এর উদ্বোধন করা হয়।

লিউ হাইশিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক শতাব্দীতে দেখা যায়নি এমন পরিবর্তন দ্রুত ঘটছে। একই সঙ্গে একতরফাবাদ, ক্ষমতার রাজনীতি ও জঙ্গলের আইনের চর্চা বাড়ছে এবং বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ঝুঁকি মোকাবিলা ও বিশ্বশান্তি রক্ষায় চীন ও বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশগুলোর এক হওয়া প্রয়োজন।

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্কের দৃঢ় ভিত্তির কথা তুলে ধরে তিনি বলেন, হাজার বছরের সংযোগের ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ বন্ধুত্ব অটুট রাখতে পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতা বজায় রাখতে হবে। অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন যা-ই হোক, দুই দেশকে বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে পাশে থাকতে হবে।

দুই দেশের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরস্পরকে বোঝা, সম্মান করা এবং সমর্থন দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে লিউ হাইশিং বলেন, বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। বড় অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে ক্ষুদ্র পরিসরের জীবিকাভিত্তিক উদ্যোগ - বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতির কথাও তুলে ধরেন চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা। তিনি বলেন, চীন আদর্শিক বিভাজন করে না। কোনো দল ক্ষমতায় আছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হয় না। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বেইজিং।

নিজের পারিবারিক স্মৃতিচারণায় লিউ হাইশিং জানান, ৪৬ বছর আগে তাঁর বাবা লিউ শুচুইং বাংলাদেশে চীনের দ্বিতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ছিলেন ছোট। তৎকালীন নিয়মে চীনা কূটনীতিকেরা কর্মস্থলে সন্তানদের রাখতে পারতেন না। তাঁর বাবা দুই বছর ঢাকায় দায়িত্ব পালন করে দুই দেশের বন্ধুত্ব গড়ে তুলতে অবদান রেখেছিলেন। দীর্ঘ সময় পরও বাংলাদেশের অনেকে তাঁর বাবার নাম স্মরণ করায় তিনি আবেগাপ্লুত হয়েছেন বলে জানান।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং বহুমুখী সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে বর্তমান সরকার ও বিএনপি বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দ্বিপক্ষীয় অংশীদারত্বে নতুন গতি এনেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ খাতে চীনের ভূমিকার প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে চীনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কার্যকর উদ্যোগ গ্রহণে চীন সরকারের ভূমিকা কামনা করেন তিনি। তাঁর মতে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হলে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেন। তিনি বৃত্তি, যৌথ ডিগ্রি, শিক্ষক বিনিময়, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, রোবোটিকস এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দলীয় পর্যায়ে সংলাপে এনসিপির আগ্রহের কথাও জানান নাহিদ ইসলাম। নিয়মিত বহুদলীয় সংলাপ এবং বাংলাদেশ-চীন যুব ফোরাম গঠনের প্রস্তাবও দেন তিনি।

ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, চীন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাসেকুর রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল, নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার আরমান, সাবিকুন্নাহার ও নুরুন্নিসা সিদ্দিকা, এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
সানা/আপ্র/৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা
০৪ নভেম্বর ২০২৬

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা

আগেরবারের মতো দীর্ঘসূত্রতা হবে না, জানালেন বোর্ডের চেয়ারম্যান

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি
০৪ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি

সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে স...

গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা
০৪ নভেম্বর ২০২৬

গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরক...

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
০৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার কারণে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে