গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রিমান্ড শেষে কারাগারে

সালমান শাহ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন ডন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪০ এএম ২০২৬
সালমান শাহ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন ডন
ছবি

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত -ছবি সংগৃহীত

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতে আবেদনে দাবি করেন, রিমান্ডে ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। তবে মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে আবারো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডন ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ডন তাদের চেনেন বলে প্রকাশ করলেও অনেক তথ্য গোপন করছেন বলে দাবি করেন তিনি।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে একসঙ্গে চলাফেরার কারণে ডন তার বিষয়ে অনেক তথ্য জানতেন। সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে ঘটনার আগে, পরে ও ঘটনার সময় তার আচার-আচরণ এবং চালচলনে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে আরো বলা হয়, মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় পাওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। ডন ‘অত্যন্ত চতুর’ হওয়ায় ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করেছেন বলে তদন্ত কর্মকর্তার দাবি। তদন্তের স্বার্থে প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এর আগে গত ৯ আগস্ট বিদেশ যাওয়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ২০ আগস্ট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যেভাবে আবার হত্যা মামলা: সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম গত বছরের ২০ অক্টোবর মামলাটি করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। সে সময় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ছেলের মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

আদালতের নির্দেশে অপমৃত্যু মামলা ও হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সিআইডি জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা করেন। পরে ২০০৩ সালের ১৯ মে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মহানগর হাকিম ইমদাদুল হক ওই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

সালমান শাহর বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। একই সঙ্গে ১১ জনের নাম উল্লেখ করে তাদের ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনার কথা জানান।

এরপর মামলাটির তদন্তভার যায় র‌্যাবের কাছে। রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন।

পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৫৪ জনের জবানবন্দি বিশ্লেষণ এবং জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পিবিআইয়ের প্রতিবেদনে আরো বলা হয়, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ এবং স্ত্রী সামিরা হকের কারণে মা নিলোুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

ওই প্রতিবেদনেও সন্তুষ্ট হননি নীলা চৌধুরী। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তিনি আরো তদন্তের দাবি জানান। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

এরপর সালমান শাহর পরিবারের পক্ষ থেকে কয়েকটি বিষয় উল্লেখ করে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। ২০২২ সালের ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন গ্রহণ করেন। তবে বিভিন্ন কারণে এরপর আর রিভিশনের শুনানি হয়নি।

গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন। আদালত সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে রমনা মডেল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করেন।
সানা/আপ্র/৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনের মৃত্য...

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে
২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী...

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
২০ সেপ্টেম্বর ২০২৬

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা...

জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান
১৭ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই