শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দূরবর্তী প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে একটি আংশিক বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে। এতে দেশের গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয়টি ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ এলাকার আকাশে মেঘের আনাগোনা থাকবে। ফলে রোদের তীব্রতা ও গরম উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস মডেলের তথ্য উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির সময় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে দেশের কোথাও বন্যা বা পাহাড়ধসের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী, বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ—
রংপুর বিভাগ: ৫০ থেকে ৮০ মিলিমিটার। মাঝেমধ্যে এবং বৃষ্টিবলয়ের শেষ দিকে একটানা বৃষ্টি হতে পারে।
রাজশাহী বিভাগ: ৪০ থেকে ৬০ মিলিমিটার। আকস্মিক ও একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ:৪০ থেকে ৫৫ মিলিমিটার। মাঝেমধ্যে ও কিছুটা একটানা বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগ: ৩০ থেকে ৫০ মিলিমিটার। মাঝেমধ্যে ও কিছুটা একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-বরিশাল বিভাগ: ৩০ থেকে ৪৫ মিলিমিটার। আকস্মিক ও মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ বিভাগ: ৩০ থেকে ৪০ মিলিমিটার। মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-চট্টগ্রাম বিভাগ: ২০ থেকে ৩৫ মিলিমিটার। প্রায়ই স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগ: ২০ থেকে ৩০ মিলিমিটার। আকস্মিক ও মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেলাভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত
সংস্থাটির পূর্বাভাসে জেলাভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখ করা হয়েছে।
খুলনা বিভাগ: বাগেরহাট উত্তর ৫০, বাগেরহাট দক্ষিণ ৬০, চুয়াডাঙ্গা ৬৫, যশোর ৬০, ঝিনাইদহ ৬০, খুলনা উত্তর ৬০, খুলনা দক্ষিণ ৬৫, কুষ্টিয়া ৬৫, মাগুরা ৫৫, মেহেরপুর ৬৫, নড়াইল ৫৫, সাতক্ষীরা উত্তর ৬৫ ও সাতক্ষীরা দক্ষিণ ৭০ মিলিমিটার।
রাজশাহী বিভাগ: বগুড়া ৬০, জয়পুরহাট ৭০, নওগাঁ ৬৫, নাটোর ৬০, চাঁপাইনবাবগঞ্জ ৭৫, পাবনা ৬০, রাজশাহী ৬০ ও সিরাজগঞ্জ ৫০ মিলিমিটার।
রংপুর বিভাগ: দিনাজপুর ৬৮, গাইবান্ধা ৮০, কুড়িগ্রাম ৭০, লালমনিরহাট ৬০, নীলফামারী ৫৮, পঞ্চগড় ৮০, রংপুর ৬০ ও ঠাকুরগাঁও ৭৫ মিলিমিটার।
ঢাকা বিভাগ: ঢাকা ৪০, ফরিদপুর ৪৫, গাজীপুর ৪০, গোপালগঞ্জ ৫০, কিশোরগঞ্জ ২৫, মাদারীপুর ৪০, মানিকগঞ্জ ২৮, মুন্সিগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ২৫, নরসিংদী ২০, রাজবাড়ী ৪০, শরীয়তপুর ৩৮ ও টাঙ্গাইল ২০ মিলিমিটার।
বরিশাল বিভাগ: বরিশাল ৩০, ভোলা উত্তর ৩০, ভোলা দক্ষিণ ৩৫, বরগুনা ৩০, ঝালকাঠি ৩২, পটুয়াখালী উত্তর ২০, পটুয়াখালী দক্ষিণ ২৫, পিরোজপুর উত্তর ৩৫ ও পিরোজপুর দক্ষিণ ৩৬ মিলিমিটার।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর ৩০, ময়মনসিংহ উত্তর ২৮, ময়মনসিংহ দক্ষিণ ২৫, নেত্রকোনা ২৫ ও শেরপুর ৩০ মিলিমিটার।
চট্টগ্রাম বিভাগ: বান্দরবান উত্তর ২৫, বান্দরবান দক্ষিণ ২০, ব্রাহ্মণবাড়িয়া ১৫, চাঁদপুর ২৫, চট্টগ্রাম উত্তর ১৫, চট্টগ্রাম দক্ষিণ ১৮, কুমিল্লা উত্তর ১৫, কুমিল্লা দক্ষিণ ১৮, কক্সবাজার উত্তর ২৫, কক্সবাজার দক্ষিণ ৩০, সন্দ্বীপ ৩৫, ফেনী ৩০, খাগড়াছড়ি উত্তর ১০, খাগড়াছড়ি দক্ষিণ ১২, লক্ষ্মীপুর ১৬, নোয়াখালী উত্তর ১৫, নোয়াখালী দক্ষিণ ২০, রাঙামাটি উত্তর ১০ ও রাঙামাটি দক্ষিণ ১২ মিলিমিটার।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ১৫, মৌলভীবাজার ১২, সুনামগঞ্জ ১৫ ও সিলেট ২৫ মিলিমিটার।
সূত্র: আরটিভি নিউজ
এসি/আপ্র/২৮/১০/২০২৬