একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী আর নেই। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
কবির ছেলে শাবিব আল মুজাহিদী জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাঁর বাবা। গত বুধবার তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই দফা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁর রক্তে সংক্রমণ, কিডনি ও হৃদ্যন্ত্রের জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল।
শাবিব আল মুজাহিদী জানান, শুক্রবার বেলা ১টার দিকে আবারো হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসকেরা বৈদ্যুতিক শক দিয়ে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
আল মুজাহিদী বাংলা কবিতার ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি হিসেবে পরিচিত। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘ সময় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৩ সালে একুশে পদকে ভূষিত হন।
কবিতা, সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অবদান বাংলা সাহিত্যাঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিস্তারিত আসছে......
সানা/আপ্র/১৯/৬/২০২৬