সরকার একযোগে খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে। মোট পনেরোটি দপ্তর ও সংস্থার শীর্ষ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে সংযুক্ত করে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগ অনুযায়ী খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন দিলো আফরোজ। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হয়েছেন দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল হয়েছেন হাসান মাহমুদ।
এছাড়া তিনটি সংস্থার চেয়ারম্যান পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চাকরি ন্যস্ত করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।
সানা/ডিসি/আপ্র/২৬/৪/২০২৬