গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৩ মে ২০২৬

মেনু

মন্ত্রিসভার প্রথম বৈঠকে রমজানকে ঘিরে বাজার স্থিতিশীল রাখা ও ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদদের শ্রদ্ধায় শুরু, দুর্নীতি দমনে ‘ক্লিন গভর্নমেন্ট’ বার্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:২৪ এএম ২০২৬
শহীদদের শ্রদ্ধায় শুরু, দুর্নীতি দমনে ‘ক্লিন গভর্নমেন্ট’ বার্তা
ছবি

বুধবার মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পরদিনই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রশাসনিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সরকারের কার্যক্রম শুরু করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান, সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন এবং নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেন তিনি।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, পরিদর্শন বইয়ে বার্তা: বুধবার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লেখেন, ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি দেশের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শহীদদের আকাঙ্ক্ষার নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করে। মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়; ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মহড়া দেয়। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। এসময় সর্বসাধারণের জন্য সাময়িকভাবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ বন্ধ রাখা হয়। পরে রাজধানীর জিয়া উদ্যানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতেও শ্রদ্ধা জানান।
 

মন্ত্রিসভার প্রথম বৈঠক: ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা: দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন; তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট রয়েছেন।
বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও আড়ম্বর এড়িয়ে মূল কাজগুলোতে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। তিনি আরো জানান, দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। ‘ক্লিন গভর্নমেন্ট’ হিসেবে সরকার পরিচালনার প্রত্যয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে জড়াতে না পারেন।
বৈঠকে রমজান শুরুর প্রেক্ষাপটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। কৃষকের ফ্যামিলি কার্ড, ইমাম ও অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্য বিশেষ ভাতা চালুর বিষয়েও আলোচনা হয়। স্থানীয় নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়টিও বৈঠকে উত্থাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।
 

আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ চেইন কঠোরভাবে মনিটরিং এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা হাতে নেওয়ার কথা বলেছে, যা পরে বিস্তারিত জানানো হবে। শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। স্বজনপ্রীতি ও প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রমজান উপলক্ষে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন উদ্যোগ দ্রুত দৃশ্যমান করার বিষয়ে আলোচনা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি উদ্যোগের বিষয়েও কথা হয়েছে। শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তাব উত্থাপন করা হয়েছে; এ বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।
 

ভিভিআইপি মুভমেন্টে জনদুর্ভোগ এড়াতে নির্দেশ: প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কে সাধারণ মানুষের যাতায়াতে যেন ভোগান্তি না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপি জানান, ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।
 

প্রেক্ষাপট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত সরকারের প্রথম কর্মদিবসেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল।
সানা/আপ্র/১৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
২৩ মে ২০২৬

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নির্দিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে।...

‘ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু’
২৩ মে ২০২৬

‘ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্...

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫
২৩ মে ২০২৬

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অ...

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম
২৩ মে ২০২৬

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ শনিবার (২৩ মে) । ঈদ সামনে রেখে রেলযাত্রা শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযোগপত্র ও দ্রুত বিচার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে এর দ্রুত বিচার নিশ্চিত করা হবে। আপনি কি মনে করেন -মন্ত্রীর আশ্বাস অনুযায়ী সব ঠিকঠাক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে