নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে নদে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নৌ পুলিশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মরদেহের সঙ্গে পাওয়া মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তাঁর হাতে একটি ঘড়িও পাওয়া গেছে। মরদেহে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন ছিল না বলে জানিয়েছেন নৌ পুলিশের এক কর্মকর্তা। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের আগে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিশের তথ্য অনুযায়ী, তাহসিফ সপরিবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পরদিন তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে ভিডিও ধারণের বিষয়টি কিংবা এর সঙ্গে তাঁর নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত পরিবারের বক্তব্যও জানা যায়নি।
সানা/আপ্র/২৯/১০/২০২৬