সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর আবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে গত ১৫ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন নির্ধারণ করেন। শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর আবুল কালাম আজাদ আসামির সর্বোচ্চ তিন বছরের সাজা দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার খালাস প্রার্থনা করেন। বিচার চলাকালে আদালতে সাত সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
এস কে সুর ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নেন। আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর ২০২২ সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের এনফোর্সমেন্ট টিম তাকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
দুদকের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার-সংশ্লিষ্ট ঋণ কেলেঙ্কারিতে তিনি সহযোগিতা ও বিভিন্ন সুবিধা নিয়েছিলেন।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এস কে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য চেয়ে বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।
২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী ফরম ও নোটিশ গ্রহণ করেন। তবে আইন অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করেননি। এ কারণে একই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন তার এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।
পরে ২৫ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এসি/আপ্র/২৮/০৭/২০২৬