চলতি পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চারটি জাহাজে করে দ্বীপটিতে গেছেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। গত ৫ নভেম্বর চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরুর পর এক দিনে এটিই সর্বোচ্চ পর্যটক যাতায়াত।
শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে চারটি জাহাজ ছেড়ে যায়। এদিন প্রথমবারের মতো পর্যটক পরিবহন শুরু করে এমভি মালঞ্চ। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছানোর পর সেখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করে বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। রাতে জাহাজগুলোর ফিরে আসার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮৫০ জন যাত্রী ধারণক্ষমতার এমভি বারো আউলিয়ায় শুক্রবার সেন্টমার্টিন গেছেন ৫৯৩ জন। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ছিলেন ৫০০ জন। একই আসনসংখ্যার এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন। আর ৬০০ জন ধারণক্ষমতার এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন পর্যটক।
এদিকে ৩৪৬ আসনের কেয়ারি সিন্দাবাদ নামে আরো একটি জাহাজ বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও পাঁচটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ৩ হাজার ২৪৪ জন।
এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, জাহাজটি পুরোপুরি প্রস্তুত করা এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার পর যাত্রী পরিবহন শুরু হয়েছে। মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে অসন্তোষ থাকলেও দ্বীপ ভ্রমণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনেকে। মাদারীপুরের কালকিনি থেকে পরিবার নিয়ে সেন্টমার্টিন যাচ্ছেন সৈয়দুল হক। তিনি বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপটির সৌন্দর্য ভিডিওতে দেখেছেন। এবার প্রথমবারের মতো পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন। সমুদ্রপথে ভ্রমণের অভিজ্ঞতা তাঁর কাছে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে।
অন্যদিকে সিরাজগঞ্জের পর্যটক ওসমান আলী বলেন, ছয় থেকে সাত ঘণ্টার সমুদ্রযাত্রা ক্লান্তিকর হলেও ছুটি কাটাতে যাচ্ছেন। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসার সুযোগ ছিল। এখন সেই সুযোগ নেই। পাশাপাশি জাহাজের ভাড়াও কিছুটা বেশি।
ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটক বাড়ার আশা: মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে শুক্র ও শনিবারের মতো ছুটির দিনগুলোতে মোটামুটি ভালোসংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের চিত্র দেখে আগামী মাসে প্রতিদিনই নির্ধারিত পর্যটকসংখ্যার কোটা পূরণ হওয়ার আশা করছেন তাঁরা। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। শুক্রবার চারটি জাহাজ চলেছে। বাকি জাহাজটিও শিগগির নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা কম থাকলেও ডিসেম্বরের জন্য প্রায় সব হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন তাঁরা।
পরিবেশ সংরক্ষণে মানতে হবে বিধিনিষেধ: চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের জন্য কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি সংগ্রহ করতে হবে ভ্রমণ অনুমতিপত্র ও কিউআর কোডযুক্ত টিকিট। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং দ্বীপের পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রয়েছে। বিশেষ করে রাতে পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা রয়েছে। রাতের বেলায় সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ।
এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময়ে পর্যটকেরা দ্বীপটি ভ্রমণের পাশাপাশি সেখানে রাত্রিযাপনও করতে পারবেন।
সানা/আপ্র/১৩/১১/২০২৬