গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২১ জুন ২০২৬

মেনু

বন্ধ কারখানায় বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
বন্ধ কারখানায় বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি

ছবি সংগৃহীত

দেশের বন্ধ ও অলাভজনক কারখানাগুলো চালু করতে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ব্যবসা ও বিনিয়োগের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে এবং উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চায়।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকর্ষণে আয়োজিত এক ‘রোড শো’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “আমরা চাই আপনারা আরও এগিয়ে যান, বিকশিত হোন। আমরা আপনাদের সহযোগিতা করব।”

অনুষ্ঠানে দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে দেশের ৪৪টি বন্ধ ও অলাভজনক কারখানার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। কারখানাগুলোর অবস্থান, বিদ্যমান অবকাঠামো, বিনিয়োগ সুবিধা, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং উৎপাদন সম্প্রসারণের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

হাসান শিপলু বলেন, অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা খোলামেলাভাবে প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি, আমরা চাই আপনারা এগিয়ে যান এবং আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আপনারা নানা বিষয়ে আলোচনা করেছেন। কীভাবে স্বল্প সময়ের মধ্যে এসব বিষয়ে আপনাদের সহযোগিতা দেওয়া যায়, সেই মতামতও দিয়েছেন। আমরা ইতোমধ্যে কিছু বিষয়ে কাজ শুরু করেছি।”

তিনি বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হলো প্রতিবন্ধকতা দূর করা এবং সমস্যাগুলো কাটিয়ে ওঠার পথ তৈরি করা। তবে সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়।

প্রধানমন্ত্রী বলেন, “বাস্তবতা হলো, আমরা একবারে সব সমস্যার সমাধান করতে পারব না। তবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সমাধান করতে পারি। আমার অনুরোধ, আপনারা আমাদের সহযোগিতা করুন, যাতে আমরা পরিস্থিতির আরও উন্নতি করতে পারি এবং একসঙ্গে এগিয়ে যেতে পারি।”

তিনি আরও বলেন, “শুধু বলতে চাই, আসুন আমরা পরিবর্তন আনার জন্য একসঙ্গে কাজ করি। সমস্যা আছে, চ্যালেঞ্জও আছে। কিন্তু আমরা এটাও উপলব্ধি করেছি যে, যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, তাহলে এসব সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব।”

অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই, ওয়ালটন, মেঘনা, রানার, টি কে, স্কয়ার, ট্রান্সকম, আকিজ, নাবিল ও লাল তীর, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া জাপানের মারুবেনি করপোরেশন, টয়োটা সুশো করপোরেশন, সুমিতোমো করপোরেশন, এমইউএফজি ব্যাংক, মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক), সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড, জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধি এবং বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা
২০ জুন ২০২৬

পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরো শক্তিশালী করতে ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় ব্যাপক স...

ইউরোপে পোশাক রফতানিতে বড় ধাক্কা
২০ জুন ২০২৬

ইউরোপে পোশাক রফতানিতে বড় ধাক্কা

চলতি বছরের প্রথম চার মাসে রফতানি কমেছে ১৯ দশমিক ৪ শতাংশ

রুপির বিপরীতে শক্তিশালী হয়েছে টাকা
১৯ জুন ২০২৬

রুপির বিপরীতে শক্তিশালী হয়েছে টাকা

দীর্ঘ কয়েক বছর পর ভারতীয় রুপির বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী অবস্থান অর্জন করেছে বাংলাদেশি টাকা।...

ইসলামী ব্যাংকে আস্থা ফেরাতে স্বাধীন পর্ষদ গঠনের দাবি
১৯ জুন ২০২৬

ইসলামী ব্যাংকে আস্থা ফেরাতে স্বাধীন পর্ষদ গঠনের দাবি

ইসলামী ব্যাংক ঘিরে চলমান অনিশ্চয়তা ও গ্রাহকদের উদ্বেগ দূর করতে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই