মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ এবং জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাকের হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত করতে পারেনি। তাঁরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
বক্তারা বলেন, খুনিরা যত প্রভাবশালীই হোক কিংবা যে দলেরই হোক, তাদের পরিচয় প্রকাশ করে আইনের আওতায় আনতে হবে। এ সময় তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিও জানান। আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে আমৃত্যু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে পৌরসভার পারনান্দুয়ালী বেপারীপাড়া জামে মসজিদের সামনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী জানান, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাদের পরিচয় প্রকাশ করতে হবে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে গ্রামের নারীদের নিয়ে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তাঁরা।
অবরোধ চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। তবে অবরোধকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে এর চেয়ে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বুধবার মাগুরা পৌর বাস টার্মিনাল এলাকায় গুলিবিদ্ধ হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাকের মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী বেপারীপাড়ার মৃত কুতুবউদ্দিনের ছেলে।
সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৬