বাংলাদেশে ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি ও সাপ্তাহিক বুধবারের সাবেক নির্বাহী সম্পাদক আমির খসরু মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মেয়ে সাদিয়া আফরিন এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন আগে তিনি সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।
চার দশকের বেশি সময় সাংবাদিকতা করেছেন আমির খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাপ্তাহিক বিচিত্রায় লেখালেখির মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু হয়।
পরে তিনি দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন। সাপ্তাহিক বুধবারের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সানা/আপ্র/১১/১০/২০২৬