ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত শেষ হওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের পর বাংলাদেশে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আশা করা হচ্ছে।
আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় রোববার সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির সঙ্গে জাতীয় গ্রিডের সমন্বয় সম্পন্ন হয়েছে। ফলে দুপুরের পর থেকেই বাংলাদেশে কেন্দ্রটি থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
এর আগে ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটি দেখা দেওয়ার আগে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে যায়। এতে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয় এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি মেরামতে শুরুতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে কারিগরি দল দ্রুত কাজ শেষ করায় নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।
ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এটি বাংলাদেশের বিদ্যুৎ আমদানির অন্যতম প্রধান উৎস। আগস্টের মাঝামাঝি কয়লা পরিবহন জটিলতার কারণে কেন্দ্রটির উৎপাদন কিছুটা কমেছিল। পরে তা স্বাভাবিক করা হয়।
বিকল ইউনিটটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং চলমান লোডশেডিং পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসি/আপ্র/১৩/০৯/২০২৬