বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনায় তারা খাদে পড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।
নিহতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
ওসি মানস বড়ুয়া জানান, পর্যটক গাইডের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমা উপজেলায় পৌঁছে বগালেক এলাকায় একটি কটেজে ওঠেন।
বিকাল সাড়ে ৫টার দিকে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যায়। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধ অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
সন্ধ্যা ৬টার দিকে গাইড মো. ইসমাইল বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে যৌথ তল্লাশি অভিযান শুরু হয়।
দীর্ঘ অনুসন্ধানের পর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্টের সামনের একটি গভীর খাদে মোটরসাইকেলসহ দুই পর্যটকের মরদেহ পাওয়া যায়। উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজে কয়েক ঘণ্টা সময় লেগেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মানস বড়ুয়া। তিনি বলেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি, রাস্তার অবস্থা এবং অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রুমা-বগালেক-কেওক্রাডং সড়কের কিছু অংশ অত্যন্ত সরু, খাড়া ও পাহাড়ঘেরা হওয়ায় সেখানে সন্ধ্যার পর মোটরসাইকেল চলাচল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গাইড ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬