গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মেনু

প্রবাসী নারীকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন; ঘটনার পর ব্যবহৃত অস্ত্র ফেলা হয়েছিল নদীতে

বটিয়াঘাটার সালেহা হত্যা মামলায় পলাতক সিজার গ্রেফতার, বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
বটিয়াঘাটার সালেহা হত্যা মামলায় পলাতক সিজার গ্রেফতার, বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনার বটিয়াঘাটায় গজালিয়া সেতুর নিচে উদ্ধার হওয়া প্রবাসী নারী সালেহা বেগমের মাথাবিহীন মরদেহের আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি সিজার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তাকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে এবং ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সূত্রে জানা গেছে, গত বছর খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া সেতুর নিচে জেলেদের জালে আটকে থাকা অবস্থায় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার হয়। পরে বিষয়টি জানাজানি হলে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় রুজু করা হয়।

পরকীয়া সম্পর্ক থেকে হত্যার পরিকল্পনা: তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন জানতে পারে, নিহত সালেহা বেগম দীর্ঘদিন সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার পর দেশে ফিরে আসেন। তার বাড়ি ও মামলার প্রধান আসামি লালন গাজীর বাড়ি একই গ্রামে।

দেশে ফেরার পর সালেহা বেগমের সঙ্গে লালন গাজীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে লালন গাজী তার মাটি কাটার ভেকু গাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকায় ভাড়ায় চালানোর সময় সালেহা বেগমকে সেখানে নিয়ে যায়। স্ত্রী পরিচয়ে ইন্দুরকানী থানার চারাখালী বালুর রাস্তা এলাকায় জেসমিন বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়া বাসা নিয়ে তারা বসবাস শুরু করে।

তবে লালন গাজী আগে থেকেই বিবাহিত হওয়ায় তিনি মাঝে মাঝে সেখানে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি কৌশলে সালেহা বেগমের ব্যাংকে জমা থাকা প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা হাতিয়ে নেন।

বিয়ের চাপ থেকেই হত্যার সিদ্ধান্ত: পরে সালেহা বেগম লালন গাজীকে বিয়ের নিবন্ধন করতে বলেন। অন্যথায় তিনি স্ত্রী হিসেবে লালনের বাড়িতে ওঠার হুমকি দেন। এতে বিপাকে পড়ে লালন গাজী তাকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ১৯ আগস্ট সন্ধ্যায় লালন গাজী সালেহা বেগমকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের তার মামাতো ভাই সিজার মোল্লার বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে যায়।

হত্যা করে পরিচয় গোপনের চেষ্টা: সেখানে লালন গাজী ও সিজার মোল্লা মিলে সালেহা বেগমকে হত্যা করে। পরে পরিচয় গোপন করতে মরদেহের পরনের কাপড় খুলে ফেলা হয় এবং মাথা দ্বিখণ্ডিত করা হয়। এরপর নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত নদীতে ফেলে দেওয়া হয়।

পলাতক সিজার অবশেষে গ্রেফতার: তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রধান আসামি লালন গাজীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তবে অপর আসামি সিজার মোল্লা দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামালের তত্ত্বাবধান এবং খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

সিজার মোল্লা অত্যন্ত কৌশলী হওয়ায় তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে ছিলেন। তবে দীর্ঘ অনুসন্ধানের পর গত ০১ মার্চ রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্বীকারোক্তি ও হত্যার অস্ত্র উদ্ধার: গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সিজার মোল্লা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী সালেহা বেগমকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

সানা/আপ্র/৫/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডিআইএর তদন্তে সাতক্ষীরার ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ
০৫ মার্চ ২০২৬

ডিআইএর তদন্তে সাতক্ষীরার ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর এক প্রতিবেদনে দেশের ৯৭৩টি শিক্ষাপ্র...

এসি তারেক সেকান্দারসহ অভিযুক্তদের শাস্তি ও টাকা ফেরত দাবি
০২ মার্চ ২০২৬

এসি তারেক সেকান্দারসহ অভিযুক্তদের শাস্তি ও টাকা ফেরত দাবি

জাল টাকা নিয়ে উদ্ধার অভিযানের নাটক

ঢাকার বিভিন্ন স্থানে মরদেহের টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ
০১ মার্চ ২০২৬

ঢাকার বিভিন্ন স্থানে মরদেহের টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। হত্...

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৬

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই