গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

থাকতেও নেই স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি গাড়ি

একটি দুর্ঘটনায় সামনে এলো অন্তর্বর্তী সরকার আমলে চিকিৎসকের বঞ্চনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:২২ এএম ২০২৬
একটি দুর্ঘটনায় সামনে এলো অন্তর্বর্তী সরকার আমলে চিকিৎসকের বঞ্চনা
ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গত মঙ্গলবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকর প্রসাদ অধিকারীকে দেখতে যান -ছবি স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকার জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন অর্পিতা হালদার (৪৩)। ভেতরে অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্বামী ডা. শংকর প্রসাদ অধিকারী। এই নীরব অপেক্ষার ভেতর দিয়ে যেন এক পরিবারের ভাঙন, এক চিকিৎসা ব্যবস্থার গভীর সংকট আর দীর্ঘদিনের অব্যবস্থাপনার চিত্র একসাথে স্পষ্ট হয়ে উঠছে।

মাত্র কয়েক দিন আগে, ১২ এপ্রিল, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ কমিউনিটি হাসপাতাল পরিদর্শনে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি গরু মোটরসাইকেলের সামনে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের সেই দুর্ঘটনায় মাথায় ভয়াবহ আঘাত পান তিনি। বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের ভাষায়, তাঁর মাথার খুলির হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ চলছে এবং জ্ঞানস্তর অত্যন্ত নিম্ন। অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ অপসারণ করে সংরক্ষণ করা হয়েছে।

এই দুর্ঘটনার পর সামনে এসেছে আরেকটি বাস্তবতা-উপজেলা পর্যায়ের সরকারি চিকিৎসকদের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি গাড়ি থাকলেও গত দেড় বছর ধরে তার জ্বালানি ও চালকের বেতন বন্ধ। ফলে বাধ্য হয়ে অনেক চিকিৎসককে ব্যক্তিগতভাবে বা মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

অর্পিতা হালদারের অভিযোগ, আগে তাঁর স্বামী সরকারি গাড়িতেই পরিদর্শনে যেতেন। কিন্তু ব্যয় বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় সেই সুবিধা আর নেই। ব্যক্তিগতভাবে ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় ঝুঁকিপূর্ণ যাতায়াতই হয়ে উঠেছিল বাস্তবতা।

এই দুর্ঘটনা আরো এক প্রশ্ন সামনে এনেছে-সরকারি দায়িত্ব পালনের নিরাপত্তা কতটা নিশ্চিত? ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের গাড়ির জ্বালানি ও চালক বাবদ অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। ফলে মাঠপর্যায়ের স্বাস্থ্য তদারকি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

চিকিৎসকের দুই সন্তান-শাশ্বত শুদ্ধ অধিকারী (১৩) ও সৌরনীল অধিকারী (১১)-এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। বড় সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় পরিবারের উদ্বেগ আরো গভীর।

জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রচণ্ড আঘাতে শংকরের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্ঞানস্তর অত্যন্ত কম এবং তাঁর অবস্থা সংকটজনক।

সহকর্মীদের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদমর্যাদার সমপর্যায়ের হয়েও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা প্রয়োজনীয় গাড়ি ও জ্বালানি সুবিধা পান না। ফলে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা তদারকিতে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে সীমাবদ্ধতা।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আগে অপারেশন পরিকল্পনার আওতায় এসব ব্যয় নির্বাহ করা হতো। সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প সমাধানের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি।

একটি দুর্ঘটনার মধ্য দিয়ে তাই শুধু একজন চিকিৎসকের জীবনসংকটই নয়, বরং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, অব্যবস্থা এবং মাঠপর্যায়ের চিকিৎসকদের নীরব বঞ্চনাও নতুন করে সামনে এসেছে।
সানা/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে