গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের সত্যতা যাচাইয়ে উদ্যোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের সত্যতা যাচাইয়ে উদ্যোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আশীর্বাদ রহমান, কুড়িগ্রাম: সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়িগ্রামের বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচার, গুজব ও ভুল তথ্য শনাক্ত করে সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন একদল অভিজ্ঞ গণমাধ্যমকর্মী। জনসাধারণের কাছে সঠিক তথ্য তুলে ধরা এবং কোনটি সত্য, কোনটি অপপ্রচার-তা সহজে বোঝার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা জানান, কুড়িগ্রামে পরিচয় গোপন রেখে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা ও ব্যক্তিগত পরিচয়হীন হিসাব থেকে বিভিন্ন সময়ে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও অন্যান্য বিষয়ে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব তথ্যের কিছু যাচাই ছাড়াই ছড়িয়ে পড়ছে। পরে সেগুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

জনস্বার্থে এসব তথ্যের সত্যতা যাচাই করে প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছেন তাঁরা। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে নয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা ও পরিচয়হীন হিসাবে প্রকাশিত বিভিন্ন ভুল ও বানোয়াট তথ্য শনাক্ত করে সেগুলোর সত্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রাথমিক পর্যায়ে মোট ১৫টি পাতা ও হিসাব থেকে প্রকাশিত ১৪টি ভুল তথ্য যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির পরিকল্পনা রয়েছে।

তবে প্রতিটি তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কারণে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ বলে জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্টদের দাবি, এ কার্যক্রমের প্রায় অর্ধেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

রিয়েলিটি চেক কার্যক্রমের সঙ্গে যুক্ত গণমাধ্যমকর্মী আশির্বাদ রহমান বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে কুড়িগ্রামের মানুষ মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের নানা খবর দ্রুত জানতে পারছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের কোনটি সঠিক, আর কোনটি ভুল বা বানোয়াট-তা তাৎক্ষণিকভাবে বোঝা অনেকের পক্ষেই কঠিন। সঠিক তথ্য জানার অধিকার থেকেই জনসচেতনতার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, তথ্য যাচাই একটি সময়সাপেক্ষ কাজ। চূড়ান্ত প্রতিবেদন তৈরির পর যাচাই করা তথ্য-প্রমাণের পাশাপাশি সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা ও হিসাবের পরিচয়ও তুলে ধরা হবে। তথ্য যাচাইয়ের প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেছেন তাঁরা।

তবে প্রাথমিক পর্যায়ে কোনো পাতা বা হিসাবের নাম প্রকাশ করা হচ্ছে না। সংশ্লিষ্টদের ভাষ্য, পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর যাচাই করা তথ্য-প্রমাণের ভিত্তিতেই সেগুলোর নাম প্রকাশ করা হবে।

রিয়েলিটি চেকের আওতায় মূলত পরিচয়হীন এবং পরিচয় গোপন রেখে পরিচালিত পাতা ও হিসাবগুলোকে রাখা হয়েছে। নিজেদের পরিচয় প্রকাশ করে রাজনৈতিক, প্রশাসনিক, বিনোদন, সামাজিক কিংবা অন্যান্য বিষয়ে তথ্য প্রকাশ করেন-এমন ব্যক্তিদের এ উদ্যোগের আওতায় রাখা হয়নি।

সিনিয়র গণমাধ্যমকর্মী আমিনুল ইসলাম মুকুল বলেন, দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা পেশার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, ডিজিটাল সময়ে তথ্য প্রকাশের গতি যেমন বেড়েছে, তেমনি সত্য ও অপপ্রচারের পার্থক্য করাও কঠিন হয়েছে। যাচাইহীন বা বিভ্রান্তিকর তথ্যের বিস্তারে সাধারণ মানুষ সঠিক তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

তিনি বলেন, এ উদ্যোগ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নয়; তথ্য যাচাইয়ের মাধ্যমে সত্যকে সামনে আনা এবং মানুষকে সচেতন করাই এর উদ্দেশ্য।

সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখেই সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। তথ্যের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য এবং নির্ভরযোগ্য প্রমাণ যাচাই করেই কোনো তথ্য বিশ্বাস ও প্রচার করা প্রয়োজন। তাঁদের উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রামের মানুষ বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।


সানা/ডিসি/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নটর ডেম কর্মী লিপিকা হত্যার রহস্য যেভাবে উদ্ঘাটন করলো পিবিআই
১৯ আগস্ট ২০২৬

নটর ডেম কর্মী লিপিকা হত্যার রহস্য যেভাবে উদ্ঘাটন করলো পিবিআই

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর গভীর রাত। পুরান ঢাকার সূত্রাপুরের একটি ভবনের চারতলার ভাড়া বাসায় একাই ঘুমিয়ে...

বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাস থাকায় তিন দিনেও তদন্তস্থলে পৌঁছাতে পারেনি দল
১৭ আগস্ট ২০২৬

বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাস থাকায় তিন দিনেও তদন্তস্থলে পৌঁছাতে পারেনি দল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নয় শ্রমিক...

ভারত নিয়ে বিশ্ববাসীর মনোভাব কেমন, বাংলাদেশে কী চিত্র
১৬ আগস্ট ২০২৬

ভারত নিয়ে বিশ্ববাসীর মনোভাব কেমন, বাংলাদেশে কী চিত্র

রিসার্চ সেন্টারের বৈশ্বিক মনোভাব জরিপ

ডিমের বাজারে সিন্ডিকেট নেই তো?
১৬ আগস্ট ২০২৬

ডিমের বাজারে সিন্ডিকেট নেই তো?

দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই