টানা অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকা রোববার (১২ জুলাই) সকালে কার্যত জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে সকাল পর্যন্ত রাজধানীর বহু সড়কে হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে অন্তত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে এ সময়ের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোর থেকে সকাল পর্যন্ত গ্রিন রোড, পান্থপথ, তেজতুরী বাজার, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মণিপুর, বিজয়নগর, বসুন্ধরা আবাসিক এলাকা, কারওয়ান বাজার, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, মৌচাক, মালিবাগ, ক্রিসেন্ট রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে। অনেক এলাকায় অলিগলিও পানিতে তলিয়ে যায়।
বিজয় সরণি মোড় এলাকায় রোববার সকালের চিত্র --ছবি সংগৃহীত
জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে মিরপুর-১০ পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।
জলাবদ্ধতার কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শেওড়াপাড়ার মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শাখা-৩–এর অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। একইভাবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখায় নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং শংকরের নালন্দা স্কুলেও বিভিন্ন শ্রেণির পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। আগারগাঁওয়ে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যানবাহন না পেয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন অনেক যাত্রী। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে কর্মস্থলে পৌঁছান।
এদিকে সাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুচাপের তারতম্যের কারণে সারা দেশেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকি বহাল রাখা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সানা/আপ্র/১২/৭/২০২৬