দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর একজন নিশ্চিত হাম আক্রান্ত ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮৯১ শিশু। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৪৩ শিশু। একই সময়ে ৭৬১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬