প্রেমের বিচ্ছেদ নিয়ে অসংখ্য গল্প, সিনেমা ও গান তৈরি হয়েছে। কিন্তু একটি গভীর বন্ধুত্ব ভেঙে গেলে যে মানসিক যন্ত্রণা তৈরি হয়, তা নিয়ে খুব কমই কথা বলা হয়। অথচ মনোবিজ্ঞানীরা বলছেন, অনেক সময় দীর্ঘদিনের বন্ধুত্বের ইতি মানুষের মনে এমন শূন্যতা তৈরি করে- যা প্রেমের বিচ্ছেদের কষ্টের সঙ্গেও তুলনা করা যায়। তাই বন্ধুত্ব সম্পর্কের নীরব ব্যথা নিয়ে সচেতন হওয়াও জরুরি।
কেন বন্ধুত্ব ভাঙার কষ্ট এত গভীর: একজন ভালো বন্ধু শুধু আড্ডার সঙ্গী নন। তিনি এমন একজন মানুষ, যার কাছে বিনা সংকোচে নিজের আনন্দ, ব্যর্থতা, স্বপ্ন, ভয় কিংবা অপূর্ণতার কথা বলা যায়। বছরের পর বছর গড়ে ওঠা এই বিশ্বাসের সম্পর্ক হঠাৎ ভেঙে গেলে মানুষ নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে বলে অনুভব করতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, বন্ধুত্বের ভিত্তি তৈরি হয় পারস্পরিক আস্থা, গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ সময়ের স্মৃতির ওপর। তাই এই সম্পর্ক শেষ হয়ে গেলে কষ্টটাও অনেক গভীর হয়।
প্রেমের বিচ্ছেদ আর বন্ধুত্বের বিচ্ছেদে পার্থক্য কোথায়: প্রেমের সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা অনেকেই কখনো না কখনো কল্পনা করেন। কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের বিশ্বাস থাকে-এই সম্পর্ক আজীবন থাকবে। ফলে হঠাৎ দূরত্ব তৈরি হলে সেটি মানসিকভাবে অনেক বড় ধাক্কা হয়ে আসে। আরও একটি বিষয় হলো, প্রেমের বিচ্ছেদে পরিবার বা বন্ধুদের কাছ থেকে সহানুভূতি পাওয়া যায়। কিন্তু বন্ধুত্ব ভেঙে গেলে অনেকেই সেটিকে ‘স্বাভাবিক ঘটনা’ বলে এড়িয়ে যান। ফলে সেই কষ্ট অনেক সময় মানুষ একাই বহন করেন।
বন্ধুত্ব কেন ভেঙে যায়: সব বন্ধুত্ব বড় কোনো ঝগড়া বা নাটকীয় ঘটনার মধ্য দিয়েই শেষ হয় না। অনেক সময় সম্পর্ক ভেঙে যায় একেবারে নীরবে। একসময় প্রতিদিন কথা বলা মানুষটির সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ কমে যায়, দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, আর অজান্তেই তৈরি হয় দূরত্ব। ভুল বোঝাবুঝি ও খোলামেলা যোগাযোগের অভাব বন্ধুত্বে ফাটল ধরার অন্যতম বড় কারণ। ছোট একটি অভিমান বা না-বলা কথাও সময়ের সঙ্গে বড় দূরত্ব তৈরি করতে পারে। বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। প্রতিশ্রুতি ভঙ্গ, গোপন কথা ফাঁস করা বা বারবার হতাশ করার মতো ঘটনাগুলো বন্ধুত্বকে দুর্বল করে দেয়।
পড়াশোনা, চাকরি বা নতুন শহরে চলে যাওয়ার মতো জীবন পরিবর্তনের কারণেও অনেক ঘনিষ্ঠ বন্ধু ধীরে ধীরে আলাদা হয়ে যান। দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় যোগাযোগ, আর সম্পর্কও হারিয়ে ফেলে আগের উষ্ণতা। মানুষের চিন্তাভাবনা, জীবনযাপন ও মূল্যবোধ সময়ের সঙ্গে বদলে যায়। একসময় যেসব বিষয়ে দুজনের মিল ছিল, পরে সেগুলোতেই তৈরি হতে পারে মতের অমিল। সেই পরিবর্তন অনেক সময় বন্ধুত্বকে আগের মতো রাখে না। ব্যস্ত জীবনে একে অপরের জন্য সময় বের করতে না পারাও বড় একটি কারণ। সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত খোঁজখবর, কথা বলা এবং ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া জরুরি। যত্নের অভাব থাকলে সবচেয়ে গভীর বন্ধুত্বও ধীরে ধীরে দূরে সরে যেতে পারে।
যেভাবে সামলে উঠবেন: বন্ধুত্বের বিচ্ছেদ মানেই সব শেষ নয়। প্রথমেই নিজেকে সময় দিন। কষ্টকে চাপা না দিয়ে অনুভূতিগুলো স্বীকার করুন। যদি ভুল বোঝাবুঝি থেকেই দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করতে পারেন। অনেক সম্পর্কই একটি খোলামেলা আলোচনায় আবার নতুন করে শুরু হয়। যদি সম্পর্কটি সত্যিই শেষ হয়ে যায়, তাহলে অতীতকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত। নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং নতুন সম্পর্ক জীবনের স্বাভাবিক অংশ। সূত্র: টাইমস ম্যাগাজিন।
কেএমএএ/আপ্র/০৩.০৮.২০২৬