সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও গুরুতর মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় এবং তাদের বয়স জানা যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ওই ব্যক্তি তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীসহ আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন এবং আহত ব্যক্তিকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে দেখতে পাই তিন শিশু মেঝেতে পড়ে রয়েছে। তাদের বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা।
তিনি জানান, মৃত্যুর কারণসহ নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানতে পারেননি। মরদেহগুলো উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন।
এসি/আপ্র/১৯/৯/২০২৬