গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মেনু

সমঝোতা ভেঙে ইরানে সবচেয়ে বড় মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:১৯ এএম ২০২৬
সমঝোতা ভেঙে ইরানে সবচেয়ে বড় মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা
ছবি

পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের কুহেস্তাক বন্দরের একটি এলাকা থেকে ধোঁয়া উড়ছে, ৮ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রের স্থিরচিত্র -ছবি রয়টার্স

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে সই হওয়া সমঝোতা স্মারকের স্থায়িত্ব শেষ পর্যন্ত তিন সপ্তাহও টিকল না। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন উত্তেজনার জেরে বুধবার রাতে ইরানে সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক রাতেই অন্তত ১১টি এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে মার্কিন বাহিনী। এর জবাবে কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছে দুই দেশের চলমান শান্তি আলোচনা এবং নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম।

এক রাতে ১১ এলাকায় হামলা 
* পাল্টা আঘাত ইরানের 
* হরমুজ ঘিরে নতুন সংকট 
* বাড়ছে তেলের দাম 
* অনিশ্চয়তায় শান্তি আলোচনা

মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক নৌপথ সচল রাখতে এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। তবে জাহাজে হামলার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে তেহরান।

হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, হরমুজে ইরানের কর্মকাণ্ডের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলেন, ইরান আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে এবং এর মূল্য তাদের দিতেই হবে। তিনি বলেন, যারা আঘাত হানে, তাদের পাল্টা আঘাতের জন্যও প্রস্তুত থাকতে হবে। ইরানের আইনপ্রণেতা ইব্রাহিম রেজায়িও যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন।

দুই দিনে ১৭০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের উপকূলীয় অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌবাহিনীর স্থাপনা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সর্বশেষ দুই দিনের অভিযানে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাতের অভিযানে অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার, কোনারাক, ইরানশাহর, সিরিক, জাস্ক, আবু মুসা দ্বীপ, কেশম দ্বীপসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবারের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সামরিক লক্ষ্য, ক্ষতিগ্রস্ত বেসামরিক স্থাপনাও
যুক্তরাষ্ট্রের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল কেবল সামরিক স্থাপনা। তবে ইরানের বিভিন্ন সূত্রে বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবরও এসেছে। ইরানশাহর বিমানবন্দরের অবকাঠামো, চাবাহারের একটি হাসপাতাল, আকালা শহরের আক তেকেহ খান রেলসেতু এবং তেহরান-মাশহাদ রেলপথের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা
মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েতের আরিফজান ঘাঁটি, বাহরাইনের জুফাইর ও শেখ ইসা সামরিক ঘাঁটি এবং কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক যোগাযোগব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। কুয়েত একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। একই সঙ্গে কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।

হরমুজ ঘিরেই নতুন সংঘাত
গত ১৭ জুন সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হলেও এর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ কখনোই শেষ হয়নি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান সমঝোতা ভেঙেছে। অন্যদিকে তেহরানের দাবি, ওয়াশিংটনই প্রথম সমঝোতা লঙ্ঘন করেছে।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষই এখন সামরিক চাপ বাড়িয়ে আলোচনার টেবিলে কৌশলগত সুবিধা নিতে চাইছে। যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফের মতে, সীমিত পরিসরে পাল্টাপাল্টি হামলা আরও কয়েক দিন চলতে পারে। তবে পরিস্থিতি এখনই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে—এমন সম্ভাবনা তুলনামূলক কম।

বাড়ছে তেলের দাম, চাপে ট্রাম্প
নতুন সংঘাতের প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়েছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক নৌপরিবহনেও সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ সম্প্রসারণের বিরোধিতা করছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, কংগ্রেস যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে; তাই প্রশাসনের উচিত কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়া।

যুক্তরাষ্ট্র সরকারের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলারের মূল্যায়ন, সামরিক অভিযান চালিয়েও ইরানকে কৌশলগতভাবে দমাতে পারেনি ওয়াশিংটন। একই সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ফলে যুক্তরাষ্ট্র এখন সামরিক ও কূটনৈতিক—দুই দিক থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি। সূত্র: রয়টার্স ও আল–জাজিরা
সানা/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন
১০ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.)-এ...

বুর্জ খলিফার রেকর্ড ভাঙবে জেদ্দা টাওয়ার
০৯ জুলাই ২০২৬

বুর্জ খলিফার রেকর্ড ভাঙবে জেদ্দা টাওয়ার

বিশ্বের সর্বোচ্চ ভবনের স্বীকৃতি পাওয়া দুবাইয়ের বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে যাচ্ছে সৌদি আরবের নির্মাণাধ...

মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প
০৯ জুলাই ২০২৬

মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

আবারো বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
০৯ জুলাই ২০২৬

আবারো বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই