ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ - এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার দাবি, ডেঙ্গু চিকিৎসায় প্রটোকল অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সচিবালয়ে বুধবার (৭ অক্টোবর) নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৮ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৯০ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গুর জন্য যা যা করণীয়, সব ধরনের চেষ্টা করছে সরকার। স্যালাইনসহ সব ধরনের চিকিৎসা চলছে হাসপাতালগুলোতে। প্রটোকল অনুযায়ী যা করণীয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব করা হচ্ছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ, এটা সঠিক নয়।”
তিনি আরো বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলেও জানান তিনি।
ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: আগামী ১ ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। কর্মসূচির আওতায় সারাদেশে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।
কেনা হবে রেডিওথেরাপি ও রোবটিক সার্জারি মেশিন: ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা আরো সহজলভ্য করতে চলতি অর্থবছরে ১৭টি রেডিওথেরাপি মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, এর মধ্যে ছয়টি মেশিন ঢাকার হাসপাতালগুলোতে স্থাপন করা হবে। বাকি ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে। এ ছাড়া ক্যান্সার রোগীদের উন্নতমানের অস্ত্রোপচার সুবিধা দিতে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন কেনার পরিকল্পনাও রয়েছে।
সানা/আপ্র/৭/১০/২০২৬