চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে বেশ আলোচনায় এসেছিলেন। হঠাৎ এমন বার্তা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।
তবে ভক্তদের কৌতুহল মিটিয়ে শিগগিরই পর্দায় আসছে তাদের সেই আলোচিত খবরটি।
ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীন নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায় (৮ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত এই চরকি অরিজিনাল ফিল্মটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।
মন্তব্য করে দর্শকরা যেমন কনটেন্টটি দেখার আগ্রহ জানাচ্ছেন, তেমনই অনেকে আবার কেয়া পায়েলের কাছে জানতে চাইছেন বাস্তব জীবনে কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন তিনি। ভক্তদের এমন প্রশ্নে অভিনেত্রী জানান, শুভাকাঙ্ক্ষীদের এই কৌতুহলকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।
কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’ আপাতত ব্যক্তিগত বিষয় ছাপিয়ে পুরো মনোযোগ কাজে দিতে চান কেয়া পায়েল।
নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের ব্যস্ততা সেরে অক্টোবরের প্রথম দিকেই দেশের বাইরে যাচ্ছেন তিনি। সব কাজ গুটিয়ে ফিরে আসবেন অক্টোবরের শেষের দিকে।
প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’
পাশাপাশি সহশিল্পী আরিফিন শুভর কাজের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ।
শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’ দর্শকদের আহ্বান জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’
ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬